ডিম বিক্রির আড়ালে ভয়ানক মাদকের কারবার, ৩১২ বোতল ফেন্সিডিলসহ আটক ৪
মে ২৫ ২০২৬, ০১:৩০
স্টাফ রিপোর্টার : ডিম বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে চলছিল ভয়ানক মাদকের কারবার। অবশেষে অভিযান চালিয়ে ৩১২ বোতল ফেন্সিডিলসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮।
র্যাব সূত্রে জানা গেছে, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সন্ত্রাস, চাঁদাবাজি, মজুতদারি ও মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৮ এর একটি চৌকস আভিযানিক দল রবিবার (২৪ মে) দুপুরে বরিশাল মহানগরের কোতয়ালি মডেল থানাধীন সাগরদি এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে সিদ্দিকুর রহমান ওরফে জুয়েল, বিশ্বজিৎ কুমার দাস, মো. জাহিদুল ইসলাম ও মো. লাল্টু মিয়াকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, মহানগরের ২৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সাগরদি এলাকায় ডিমের ব্যবসার আড়ালে ফেন্সিডিল বিক্রি করা হচ্ছে। পরে সংবাদের সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হয়।
আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে অভিযুক্ত সিদ্দিকুর রহমান ওরফে জুয়েলের ভাড়া বাসার চৌকির নিচে রাখা চারটি বাজারের ব্যাগ তল্লাশি করে ৩১২ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৮ জানায়, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।









































