অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আগস্ট ১৮ ২০২৬, ২২:২৪

লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোববার সন্ধ্যায় মঙ্গল শিকদার ঘাটসংলগ্ন মেঘনা নদীতে অভিযান চালিয়ে ড্রেজারটি আটক করে কোস্ট গার্ড।
মেঘনা নদীর তীর থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের গোপন সংবাদে রোববার সন্ধ্যায় লালমোহনের মঙ্গল শিকদার ঘাটসংলগ্ন এলাকায় অভিযান চালায় কোস্ট গার্ড। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজারটি আটক করে ঘাটে নিয়ে আসা হয়।
পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩-এর ৪ ধারা অনুযায়ী রবিবার সন্ধ্যায় লালমোহন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রেজওয়ানুল হক ড্রেজার মালিক পিরোজপুরের মো. রাজীবকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।  কিন্তু এর নেপথ্যে কারা রয়েছে, তা জানা যায়নি। একই সঙ্গে ভবিষ্যতে নদীর তীরবর্তী এলাকায় ওই ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন না করার মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন জেলা থেকে ড্রেজার ভাড়া এনে একটি চক্র দীর্ঘদিন ধরে মেঘনা ও তেঁতুলিয়া নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এরা কারা? এদের মুখোশ উন্মোচনের দাবী স্থানীয়দের।এতে নদীর তীর ভাঙনের পাশাপাশি আশপাশের জনপদও ঝুঁকিতে পড়ছে। হুমকির মুখে পড়ছে নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য।
এদিকে প্রশাসনের অভিযানে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, শুধু জরিমানা আদায়ের মধ্যে অভিযান সীমাবদ্ধ না রেখে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে নিয়মিত ও কার্যকর ব্যবস্থা নিতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক জানান, লালমোহনে কোনো ধরনের অবৈধ বালু উত্তোলন করতে দেওয়া হবে না। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
নদীর তীর রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ বালু উত্তোলন বন্ধে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান চান স্থানীয়রা। একই সঙ্গে মেঘনা ও তেঁতুলিয়া নদীর তীরবর্তী এলাকায় প্রশাসনের নজরদারি আরও জোরদারের দাবি তাদের।