বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উদযাপন
সেপ্টেম্বর ২৮ ২০২৬, ২৩:০৭
নিজস্ব প্রতিবেদক : ‘ডিজিটাল যুগে সঠিক তথ্য নিশ্চিতকরণ: অপতথ্য রোধে তথ্য অধিকারের ভূমিকা’ প্রতিপাদ্যে বরিশালে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস-২০২৬ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে নগরীতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের সহযোগিতায় জেলা প্রশাসকের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মামুন খন্দকার প্রধান অতিথির বক্তব্যে বলেন, আইনের শাসন, মৌলিক মানবাধিকার, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা একটি আদর্শ ও কল্যাণরাষ্ট্র গঠনের অপরিহার্য শর্ত। গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় জনগণের তথ্যপ্রাপ্তির অধিকার নিশ্চিত করার কোনো বিকল্প নেই।
তথ্যপ্রাপ্তির অধিকার বাকস্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ এবং জনগণের ক্ষমতায়নের অন্যতম কার্যকর মাধ্যম। তিনি বলেন, জনগণের কাছে যত বেশি তথ্য পৌঁছাবে, রাষ্ট্রব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা ততই বাড়বে। একই সঙ্গে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কার্যক্রমে গতিশীলতা আসবে এবং জনসেবার মান উন্নত হবে। তথ্যের অবাধ প্রবাহ দুর্নীতি প্রতিরোধ, অনিয়ম চিহ্নিতকরণ এবং নাগরিকদের অধিকার সম্পর্কে সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তথ্যসেবার গুরুত্ব তুলে ধরে জেলা প্রশাসক বলেন, রাষ্ট্রের উন্নয়ন কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা এবং সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের দোরগোড়ায় সঠিক, নির্ভুল ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে হবে। একটি জ্ঞানভিত্তিক, বৈষম্যহীন ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠায় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে তিনি সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।
উন্মুক্ত আলোচনা সভায় বক্তারা বলেন, আইনের বিভিন্ন ফাঁকফোকরের সুযোগ নিয়ে অপরাধীরা যেন জবাবদিহিতার বাইরে থাকতে না পারে, সে জন্য আইন প্রয়োগে কার্যকর পদক্ষেপ নিতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকার পরও আইনের দুর্বলতার সুযোগে অনেকেই জবাবদিহিতার বাইরে থেকে যাচ্ছে। তথ্য অধিকার আইন কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে সংশ্লিষ্টদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সালমা পারভীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মাসুম বিল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মুন্সী মুবিনুল হক এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি টুনু রানী কর্মকার। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, বেসরকারি সংস্থার প্রতিনিধি, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।









































