বিএম কলেজের উপাধ্যক্ষ হলেন প্রফেসর কাজী জাবের আহমেদ

সেপ্টেম্বর ২৭ ২০২৬, ২১:৪৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। রোববার (২৭ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-২ শাখার এক প্রজ্ঞাপনে তাকে এ পদে পদায়ন করা হয়।

পদায়নের পর বিএম কলেজে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে বরিশাল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. মহিউদ্দিন, তালতলী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোস্তাফিজুর রহমান, মাউশির আঞ্চলিক পরিচালক জাকির হোসেন, উপপরিচালক মো. নাজমুলসহ অবসরপ্রাপ্ত অধ্যাপকবৃন্দ এবং বিএম কলেজসহ বরিশালের বিভিন্ন কলেজের প্রায় শতাধিক শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।

অধ্যাপক কাজী জাবের আহমেদ ১৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে প্রভাষক (পদার্থবিজ্ঞান) হিসেবে সরকারি ফজলুল হক কলেজ, চাখারে যোগদান করেন। পরবর্তীতে ক্রমান্বয়ে আটটি কলেজে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি অধ্যাপক (পদার্থবিজ্ঞান) পদে সরকারি ব্রজমোহন কলেজে (ইনসিটু) হিসেবে কর্মরত ছিলেন। সেখান থেকেই তাকে কলেজটির উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক কাজী জাবের আহমেদ বলেন, সরকারের শিক্ষা পরিকল্পনা বাস্তবায়নে এবং শিক্ষক ও শিক্ষার্থীদের অধিকার রক্ষায় সর্বদা সচেতন থাকব।

উল্লেখ্য, অধ্যাপক কাজী জাবের আহমেদ বর্তমানে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, বরিশাল জেলার সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি অষ্টাদশ বিসিএস (অল-ক্যাডার) ফোরামের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন।