ঘরে বসেই সিসি ক্যামেরায় সন্তানকে দেখবেন অভিভাবকরা
বরিশালে চালু হলো ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল
সেপ্টেম্বর ২৭ ২০২৬, ২২:০৬
নিজস্ব প্রতিবেদক : কর্মজীবী বাবা-মায়ের সন্তানদের নিরাপদ যত্ন, শিক্ষা, খেলাধুলা ও বিনোদনের সুযোগ নিশ্চিত করতে বরিশাল নগরীতে যাত্রা শুরু করেছে ‘বরিশাল ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল’। এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়েছে নগরীর নতুন বাজার এলাকার সপ্ত বর্ণ কমিউনিটি সেন্টারের তৃতীয় তলায়।
রবিবার দুপুর ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। উদ্বোধনী অনুষ্ঠানে অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, অনেক পরিবারে মা না থাকায় কিংবা বিভিন্ন কারণে সন্তানকে একা হাতে লালন-পালন করতে গিয়ে অভিভাবকদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। কর্মজীবী অভিভাবকদের জন্য এ ধরনের প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনিকে শিশুদের প্রতি মায়ের মতো স্নেহ, ভালোবাসা ও যত্ন নিয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রতিষ্ঠানটির পরিচালক ফারজানা আক্তার মনি জানান, স্বল্প খরচে এক বছর থেকে ১০ বছর বয়সী শিশুদের এখানে ভর্তি করা যাবে। শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। প্রতিটি অভিভাবককে সিসি ক্যামেরার অ্যাক্সেস দেওয়া হবে।
ফলে তারা ঘরে বসেই মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসের মাধ্যমে সন্তানের লাইভ ভিডিও ফুটেজ দেখতে পারবেন। তিনি বলেন, শিশুদের খেলাধুলা ও শারীরিক চর্চার জন্য রয়েছে প্লে-জোন। পাশাপাশি পড়াশোনার জন্য কোচিং ও প্রি-স্কুলের ব্যবস্থাও রাখা হয়েছে। কর্মজীবী অভিভাবকরা তাদের দৈনন্দিন ব্যস্ততার সময়ে সন্তানকে নিরাপদ পরিবেশে রেখে নিশ্চিন্তে নিজেদের দায়িত্ব পালন করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, বরিশাল নগরীতে কর্মজীবী অভিভাবকদের জন্য এ ধরনের সেবামূলক প্রতিষ্ঠানের প্রয়োজন ছিল। নিরাপদ পরিবেশে শিশুদের যত্নের পাশাপাশি শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশের সুযোগ তৈরি হলে তা শিশু ও অভিভাবক উভয়ের জন্যই সহায়ক হবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসকের একান্ত ব্যক্তিগত সচিব মাসুম হাসান, সহকারী ব্যক্তিগত সচিব সাকলাইন মোস্তাকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।
আয়োজকরা জানান, কর্মজীবী অভিভাবকদের ব্যস্ত সময়ে শিশুদের নিরাপদ পরিবেশে রেখে তাদের শিক্ষা, খেলাধুলা ও মানসিক বিকাশ নিশ্চিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। নগরীতে আধুনিক সুবিধাসম্পন্ন এ ডে কেয়ার অ্যান্ড প্রি-স্কুল শিশুদের যত্ন ও প্রাথমিক শিক্ষায় নতুন একটি সেবার সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।










































