তজুমদ্দিনে স্বেচ্ছাসেবক দল নেতা গফুর গ্রেপ্তার

সেপ্টেম্বর ২৯ ২০২৬, ১২:৪৬

তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিন উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল গফুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজি, মারধরসহ একাধিক অভিযোগের ঘটনায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় তজুমদ্দিন থানা পুলিশের একটি দল মুচিবাড়ির কোনা থেকে আব্দুল গফুরকে গ্রেপ্তার করে। বর্তমানে সে
তজুমদ্দিন থানা পুলিশের হেফাজতে রয়েছে।

থানা পুলিশ সুত্রে জানা গেছে, গফুর গত কয়দিন আগে মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামের এক ব্যক্তিকে মারপিট করে বৈদ্যুতিক সর্ট দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে তজুমদ্দিন থানা পুলিশ তাকে গ্রেপ্তার করতে আসলে মুচিবাড়ি কোনা বাজারের পশ্চিম মাথায় পুলিশকে গালিগালাজ করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ গফুরকে ধাওয়া করলে সে পাশ্ববর্তী সুপারি বাগানে পালানোর চেষ্টা করে। পরে তাকে ধাওয়া করে সুপারি বাগান থেকে গ্রেপ্তার করে।

ওসি মিজানুর রহমান জানান, মুচিবাড়ির কোনা বাজারে বাবুল নামে এক ব্যক্তিকে মারধর ও বৈদ্যুতিক সর্ট দেয়ার ঘটনায় দায়ের হওয়া মামলায় গফুরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে চাঁদাবাজি ও মারধরসহ একাধিক মামলা রয়েছে।

স্থানীয় সূত্র জানা যায়, চলতি বছরের সেপ্টেম্বর মাসে আব্দুল গফুরের বিরুদ্ধে কয়েকজনকে মারধর ও বৈদ্যুতিক শক দেওয়ার অভিযোগ ওঠে। এসব ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা জানিয়েছে পুলিশ।