নগরীতে চাঁদাদাবিতে অটোচালককে কুপিয়ে হাত-পা ভাঙার অভিযোগ, গ্রেপ্তার ১

এপ্রিল ২১ ২০২৬, ১৩:৫৩

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীতে চাঁদা দাবিকে কেন্দ্র করে হালিম খান নামের এক অটোচালককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে ছাত্রদল কর্মী শামীম সিকদারের বিরুদ্ধে। এ ঘটনায় কুদ্দুস নামে এক আসামিকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) রাত ৯টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর গুচ্ছগ্রাম এলাকার বায়তুস সালাম জামে মসজিদের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত হালিম খান সদর উপজেলার চরকাওয়া ইউনিয়নের চরকরজী গ্রামের আব্দুস সোহরাব খানের ছেলে। তিনি পেশায় একজন অটোচালক। হামলার সময় সন্ত্রাসীরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে। এতে তার বাম হাত ও বাম পা ভেঙে যায় এবং কপাল ফেটে যায়। বর্তমানে তিনি বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ৪ নম্বর ওয়ার্ডের আলম শিকদারের ছেলে শামীম সিকদার, ফারুক হাওলাদারের ছেলে রুবেলসহ অজ্ঞাত আরও ৫-৬ জন হামলা চালায়।

আহতের স্বজনরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে সাবেক কাউন্সিলর মাইনুলের অনুসারী হিসেবে পরিচিত শামীম সিকদার ও তার সহযোগীরা হালিম খানের কাছে চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় এ হামলার ঘটনা ঘটে।

এদিকে আহত হালিম খানের অবস্থা সংকটপন্ন হওয়ায়  আজ মঙ্গলবার তার অস্ত্র পাচার হওয়ার কথা রয়েছে। এ ঘটনায় আহতের পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

বরিশাল কাউনিয়া অফিসার ইনচার্জ (ওসি) সঞ্জিত চন্দ্র নাথ বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।  ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।