পিরোজপুরে জেলা পরিষদের বৃক্ষরোপণ কার্যক্রম শুরু

জুন ১৪ ২০২৬, ১৯:০৪

পিরোজপুর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। রবিবার (১৪ জুন) দুপুরে জেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।

এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ নুরুল আলমসহ পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

ঘোষিত কর্মসূচির আওতায় পিরোজপুর জেলায় পর্যায়ক্রমে বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ।

বৃক্ষকে টিকিয়ে রাখার মাধ্যমেই পরিবেশ ও জনকল্যাণে এর প্রকৃত সুফল পাওয়া সম্ভব। এ কাজে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের আহ্বান জানান তিনি। অনুষ্ঠান শেষে জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।