গণভোটের রায়কে উপেক্ষা করে জাতীয় ঐক্য সম্ভব নয়-এমপি মুজিবুর রহমান

November 27 2026, 19:39

৪৩

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল মহানগরীর উদ্যোগে পবিত্র সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টায় নগরীর টাউন হল অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী, আলেম-ওলামা, শিক্ষাবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মুজিবুর রহমান এমপি বলেন, “গণভোটের রায়কে উপেক্ষা করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের মতামতকে উপেক্ষা করে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা করা সম্ভব নয়। জাতীয় ঐক্যের অন্যতম ভিত্তি হচ্ছে জনগণের মতামতের প্রতি সম্মান প্রদর্শন। গণভোটের গণরায় মেনে নিতে হবে, অন্যথায় প্রকৃত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে না।”

তিনি বলেন, দেশের বিভিন্ন রাজনৈতিক দল অতীতে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে, আবার ক্ষমতা থেকে বিদায়ও নিয়েছে। কিন্তু কেউই আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা কিংবা ইসলামী হুকুমত প্রতিষ্ঠার কার্যকর উদ্যোগ গ্রহণ করেনি। কিছু রাজনৈতিক দলের কথা ও কাজের মধ্যে বিরাট ব্যবধান রয়েছে। যারা প্রকাশ্যে ইসলামী শরিয়াহর প্রতি বিশ্বাসের কথা স্বীকার করে না, তারাও নির্বাচনের সময় ভোট পাওয়ার আশায় ইসলামের কথা বলে। অথচ মানুষের কাছে তাদের অবস্থান ও বক্তব্যের মধ্যে সামঞ্জস্য থাকা প্রয়োজন।

তিনি আরও বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর মর্যাদা ও আদর্শকে যথাযথভাবে উপলব্ধি করতে হবে। তাঁর আদর্শকে জীবনের সর্বক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ থেকে দূরে সরে গিয়ে সমাজ ও রাষ্ট্রে প্রকৃত শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তাই ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে নবীজির আদর্শ অনুসরণের বিকল্প নেই।

অধ্যাপক মুজিবুর রহমান বলেন, হিলফুল ফুজুল প্রতিষ্ঠার মাধ্যমে রাসুলুল্লাহ (সা.) অন্যায়-অবিচার দূর করে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার দৃষ্টান্ত স্থাপন করেছিলেন। সেই আদর্শ অনুসরণ করে সমাজের প্রতিটি পাড়া-মহল্লায় ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সংগঠিত উদ্যোগ নিতে হবে। ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

তিনি বলেন, গণভোটের রায়কে অগ্রাহ্য করে কোনো আলোচনা বা ঐকমত্যের উদ্যোগ সফল হতে পারে না। জনগণের বৃহত্তর অংশের মতামতকে সম্মান না জানালে আলোচনা হতে পারে না ঐক্যবদ্ধ কমিশনের দীর্ঘ আলোচনার পরে গনভোট হলো কিন্তু একটি দলের অসহযোগীতার জন্য সেই আলোচনা অর্থবহ হয়নি। জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় ঐক্যের কথা বলা বাস্তবসম্মত নয়, গণভোটের গণরায় মেনে না নেওয়া হলে আন্দোলন অব্যাহত থাকবে।

আগামী স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, জনগণের কাছে সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব তুলে ধরতে হবে। বরিশালের প্রতিটি পাড়া-মহল্লায় অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলালকে পরিচিত করে তুলতে হবে। আগামী দিনে জনগণ যেন যোগ্য ও ভালো মানুষকে নির্বাচিত করতে পারে, সে বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর আগমনে সমগ্র সৃষ্টিজগৎ উপকৃত হয়েছে। তিনি এমন এক সময়ে পৃথিবীতে আগমন করেছিলেন, যখন সমাজে মানুষের জীবনের মূল্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত ছিল না। জাহেলি সমাজে দুর্বল ও অসহায় মানুষের অধিকার পদদলিত হতো। নারীর মর্যাদা ও নিরাপত্তা ছিল উপেক্ষিত। রাসুলুল্লাহ (সা.) মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানবতার মুক্তির দিশা দিয়েছেন।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা শুধু ইবাদত-বন্দেগির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, শান্তি ও মানবিক আচরণের প্রতিটি ক্ষেত্রে তাঁর আদর্শ অনুসরণীয়। তিনি প্রাণীর প্রতিও দয়া প্রদর্শনের শিক্ষা দিয়েছেন। পানি অপচয় না করা, যুদ্ধের সময় নিরীহ মানুষ ও সম্পদের ক্ষতি না করা এবং নারী, শিশু ও অসহায় মানুষের নিরাপত্তা নিশ্চিত করার শিক্ষা দিয়েছেন। এমনকি পরিবারের মধ্যেও ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়েছেন।

তিনি আরও বলেন, নবী-রাসুলদের জীবনের অন্যতম প্রধান লক্ষ্য ছিল দ্বীনে হক প্রতিষ্ঠা করা। হজরত ইবরাহিম (আ.)-এর জীবন থেকে সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকার শিক্ষা পাওয়া যায়। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, ধৈর্য এবং নেতৃত্বের প্রতি আনুগত্যের মাধ্যমে দ্বীনের বিজয়ের জন্য কাজ করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে।

মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বরিশাল মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল ও মাওলানা মতিউর রহমান, সরকারি ফজলুল হক কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুর রব, লুৎফর রহমান মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা এ কিউ এম আব্দুল হাকিম মাদানী এবং উত্তমপুর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সোহরাব হোসাইন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল জেলা সেক্রেটারি মাওলানা মাহমুন্নবী তালুকদার, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাওলানা শফিউল্লাহ তালুকদার, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, আব্দুস সত্তার, সুলতানুল আরেফিন, কোতোয়ালি উত্তর থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইন এবং কাউনিয়া থানা আমীর মাওলানা আব্দুর রহমান, সদর উপজেলা আমীর মাওলানা কাওসার হোসাইন, আইনজীবী বিভাগের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের শহীদ, ব্যাংকার্স বিভাগের সভাপতি মুজিবুর রহমান, মাওলানা মোস্তাফিজুর রহমানসহ, মহানগর ও থানা পর্যায়ের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে সীরাতুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত সীরাত গ্রন্থ পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা রাসুলুল্লাহ (সা.)-এর জীবনাদর্শ ব্যক্তি ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে ন্যায়, ইনসাফ, মানবিকতা ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।