ঘূর্নিঝড়ে করনীয় বিষয়ে জনসচেনতামূলক মাঠ মহড়া

November 27 2026, 19:35

২

কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় জলবায়ু সহনশীলতা জোরদারের লক্ষ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলা ও দুর্যোগ কিংবা ঘূর্নিঝড়ে করনীয় বিষয়ে জনসচেতনতামূলক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা এগারোটায় উপজেলা প্রশাসন মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন পটুয়াখালী-০৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও বেসরকারী সংস্থা জাগো নারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসিসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফায়ার সার্ভিস ও সিপিপির সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত মহড়ায় ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জনপদে সম্ভাব্য ক্ষয়ক্ষতি, উদ্ধার তৎপরতা এবং জানমাল রক্ষায় করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগকালীন পরিস্থিতি মোকাবিলায় সাধারণ মানুষের করণীয় সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দেওয়া হয়।

মেলায় দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার তৎপরতা ও জরুরি সেবা সম্পর্কে ধারণা দিতে বিভিন্ন সরকারি ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পক্ষ থেকে ১৫ টি স্টল সাজানো হয়। এসব স্টলে দুর্যোগ মোকাবিলায় ব্যবহৃত সরঞ্জাম ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পর্কে দর্শনার্থীদের অবহিত করা হয়। বেসরকারী সংস্থা জাগোনারী ও কেয়ার বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।