রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে ব্যক্তি জীবনে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে: মুফতি ফয়জুল করীম

November 27 2026, 14:47

৩২

নিজস্ব প্রতিবেদক : রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার আগে প্রত্যেককে নিজ নিজ ব্যক্তি জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম।

শুক্রবার (২৭ নভেম্বর) বরিশালের চরমোনাই ময়দানে লাখো মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত দেশের বৃহৎ জুমার জামাতে নামাজের আগে বয়ানকালে তিনি এসব কথা বলেন।

বয়ানে শায়খে চরমোনাই বলেন, ইসলামের ফরজ বিধানগুলো প্রথমে ব্যক্তিগত জীবনে যথাযথভাবে পালন ও প্রতিষ্ঠা করতে হবে। বিশেষ করে পর্দা ইসলামের একটি গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ব্যক্তি, পরিবার, সমাজ থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত পর্দার বিধান লঙ্ঘনের কোনো সুযোগ নেই। প্রত্যেক মুসলমানকে নিজ নিজ অবস্থান থেকে এ বিধান মেনে চলতে হবে। ব্যক্তি জীবনে ইসলামের বিধান প্রতিষ্ঠিত হলে সমাজ ও রাষ্ট্রে দ্বীন প্রতিষ্ঠার পথ আরও ত্বরান্বিত হবে।

তিনি আরও বলেন, ইসলাম শুধু ব্যক্তিগত ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে ইসলামের বিধান বাস্তবায়ন করতে হবে।

জুমার নামাজে বরিশালের বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের জাতীয় ও আঞ্চলিক পর্যায়ের নেতৃবৃন্দ, বিশিষ্ট ওলামায়ে কেরাম, নাগরিক সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

জুমার নামাজকে কেন্দ্র করে চরমোনাই ময়দানে লাখো মানুষের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে মুসল্লিরা জুমার নামাজ আদায় করেন।