এম মিরাজ হোসাইনের মৃত্যুতে সংবাদকর্মীদের মাঝে শোকের ছায়া

আগস্ট ২২ ২০২৬, ২২:৫৯

স্টাফ রিপোর্টার : বরিশালের সাংবাদিক অঙ্গনের পরিচিত ও প্রিয়মুখ, জাতীয় দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সদস্য এম. মিরাজ হোসাইনের (৪৮) মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া নেমে এসেছে। শনিবার (২২ আগস্ট) দুপুর ১টা ৩০ মিনিটে ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

অতিসম্প্রতি ব্রেন টিউমারের অস্ত্রোপচারের পর তার শরীরে নন-হজকিন লিম্ফোমা শনাক্ত হয়। এরপর থেকে তিনি ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি বাবা, স্ত্রী, দুই ছেলে, আত্মীয়-স্বজন, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এম. মিরাজ হোসাইন দীর্ঘদিন ধরে দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। এর আগে তিনি বাংলাদেশ প্রতিদিন, ভোরের কাগজ, ভোরের ডাক, বরিশালের দৈনিক শাহনামা, বরিশাল বার্তা সহ বিভিন্ন গণমাধ্যমে দায়িত্বশীল সাংবাদিক হিসেবে কাজ করেছেন। বরিশাল প্রেসক্লাব, বরিশাল সাংবাদিক ফোরাম এবং বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনেরও তিনি সক্রিয় সদস্য ছিলেন।

ঢাকায় কর্মস্থলে নেওয়া হয় মরদেহ:
মরহুমের স্বজন ও সহকর্মীরা জানান, শনিবার বিকেলে ঢাকায় তার কর্মস্থল দৈনিক বণিক বার্তার কার্যালয়ে মরদেহ নেওয়া হয়। সেখানে সহকর্মীদের শ্রদ্ধা নিবেদনের পর লাশবাহী গাড়িতে করে মরদেহ বরিশালে নিয়ে আসা হবে।
আজ রোববার সকাল ৮টায় ২৪নং ওয়ার্ডের নিজ বাস ভবন এলাকায় প্রথম জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এরপর বরিশাল প্রেসক্লাব প্রাঙ্গণে মরহুমের মরদেহ নেওয়া হবে। সেখানে সহকর্মী, সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শেষ শ্রদ্ধা নিবেদন করবেন। পরে সকাল ১০টায় সদর রোডে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাট থানার আন্ধারমানিক ইউনিয়নের আজিমপুর গ্রামে তৃতীয় জানাজার নামাজ শেষে মিয়াবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মজিবর রহমান সরওয়ারের শোক:
সাংবাদিক এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সদর-৫ আসনের সংসদ সদস্য ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মো. মজিবর রহমান সরওয়ার।
এক শোকবার্তায় তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান এবং পরিবারের সদস্যদের এ শোক সহ্য করার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

বিসিসি প্রশাসকের শোক:

এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এক শোকবার্তায় তিনি বলেন, এম. মিরাজ হোসাইন ছিলেন অত্যন্ত নিষ্ঠাবান, সৎ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বরিশাল অঞ্চলের সার্বিক উন্নয়ন ও জনগণের সমস্যা তুলে ধরতে তার ভূমিকা ছিল অপরিসীম। তার অসময়ে চলে যাওয়া বরিশালের সাংবাদিকতা জগতের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, গুণগ্রাহী ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

রহমাতুল্লাহর শোক:
সাংবাদিক এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শনিবার এক শোকবার্তায় রহমাতুল্লাহ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোকবার্তায় তিনি বলেন, সাংবাদিক এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতার সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়। তাঁর কর্মময় জীবন ও সাংবাদিকতায় অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে। আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ মরহুমের পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি ও শোক ধৈর্যের সঙ্গে মোকাবিলা করার তাওফিক কামনা করেন এবং মহান আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌসের দোয়া করেন।

বরিশাল প্রেসক্লাবের শোক:
বরিশাল প্রেসক্লাবের সদস্য এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু ও সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন। এক শোক বিবৃতিতে তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সাংবাদিক ইউনিয়নের শোক:
দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিএফইউজে অন্তর্ভুক্ত বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়ন (বিজেইউজে)। এক শোকবার্তায় সংগঠনের সভাপতি আযাদ আলাউদ্দীন ও সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরাসহ সংগঠনের সদস্যরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

বরিশাল সাংবাদিক ফোরামের শোক:
বরিশাল সাংবাদিক ফোরামের নির্বাহী সদস্য এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে সংগঠনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে সভাপতি সুমন চৌধুরী ও সাধারণ সম্পাদক সাইদ পান্থ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বার্তা সম্পাদক ফোরামের শোক:
জাতীয় দৈনিক বণিক বার্তার বরিশাল ব্যুরো প্রধান ও বরিশাল প্রেসক্লাবের সদস্য এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বার্তা সম্পাদক ফোরাম, বরিশাল। এক শোক বিবৃতিতে সংগঠনের সভাপতি বেলায়েত বাবলু, সাধারণ সম্পাদক খান রুবেলসহ সকল সদস্য মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এছাড়াও বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন, জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা কমিটি, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় ও জেলা কমিটিসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, মুক্তিযোদ্ধা ও সুশীল সমাজের নেতৃবৃন্দ এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

সাংবাদিক এম. মিরাজ হোসাইনের মৃত্যুতে বরিশালের গণমাধ্যম অঙ্গনে একজন অভিজ্ঞ, দায়িত্বশীল ও সহকর্মীবান্ধব সাংবাদিককে হারানোর শোক বিরাজ করছে। তার দীর্ঘ সাংবাদিকতা জীবনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা মরহুমের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে শোক প্রকাশ করছেন।