মঠবাড়িয়ায় প্রভাবশালীদের হুমকি-হয়রানির অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

এপ্রিল ০৭ ২০২৬, ১৯:৫৩

স্টাফ রিপোর্টার : পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক নারীকে হুমকি-ধামকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মরিয়ম আক্তার সুরমা মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা যায়, মরিয়ম আক্তার সুরমা (৪৫), পিতা-মৃত আব্দুল মজিদ, দক্ষিণ বন্দর এলাকার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার অভিযোগ, একই এলাকার বড় শিংগা গ্রামের বাসিন্দা মোঃ সোলায়মান, মোঃ মোখলেচ ও ইউনুচের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

লিখিত অভিযোগে তিনি উল্লেখ করেন, বিবাদীরা আইন-কানুনের তোয়াক্কা না করে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে। এমনকি তিনি বাড়িতে না থাকলে অভিযুক্তরা তার বসতবাড়িতে এসে অযথা আড্ডা দেয় এবং পরিবেশ অশান্ত করে তোলে। এ বিষয়ে প্রতিবাদ করলে তাকে আরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, বয়াতীর হাট বাজার এলাকায় তার নিজস্ব জমিতে বিবাদীরা গাছ ফেলে জায়গা দখলের চেষ্টা করছে। গত ৩১ মার্চ ২০২৬ বিকেল আনুমানিক ৫টার দিকে তিনি ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বিভিন্ন ধরনের হুমকি দেয়।

তিনি জানান, বিষয়টি প্রথমে আত্মীয়-স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করায় থানায় অভিযোগ করতে কিছুটা বিলম্ব হয়েছে। এ ঘটনায় সাক্ষী হিসেবে স্থানীয় বাসিন্দা মোঃ আমির হোসেনের নাম উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগী মরিয়ম আক্তার সুরমা তার লিখিত আবেদনে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন।

এদিকে প্রভাবশালীদের বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে দেশের শীর্ষ নেতৃত্ব—প্রধানমন্ত্রী তারেক রহমান–এর দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগী পরিবার। স্থানীয় এলাকায় ঘটনাটি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।