যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যা করে আত্মহত্যার নাটক: স্বামী ও শাশুড়ি আটক

আগস্ট ১৫ ২০২৬, ২২:২০

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কেডিসি বস্তি সংলগ্ন এলাকা থেকে রিপা নামের এক নববিবাহিত গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের অভিযোগ, যৌতুকের দাবিতে তাকে গলা টিপে হত্যা করার পর আত্মহত্যার নাটক সাজিয়েছে স্বামী ও তার পরিবার। গত শুক্রবার রাত আনুমানিক ১২টার দিকে কেডিসি এলাকার বজলু খলিফার ছেলে পেশায় চালক শাহাদাতের বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
নিহত রিপা কাউনিয়া থানার চরবাড়িয়া তালতলী এলাকার মো. নাসির মোল্লার মেয়ে। মাত্র ৯ মাস আগে শাহাদাতের সাথে তার বিয়ে হয়েছিল। ঘটনার পর নিহত রিপার পরিবার ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে হাসপাতাল প্রাঙ্গণে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
নিহতের বড় বোন রূপা বলেন, বিনা অপরাধে আমার বোনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। যৌতুকের দাবিতে ওর ওপর নির্যাতন চালানো হতো। আমরা এই হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের দৃষ্টান্তমূলক ফাঁসি চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে নিরপেক্ষ বিচার নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
নিহতের মা কুলসুম বেগম কাঁদতে কাঁদতে বলেন, আমার মেয়ে বিয়ের পর সপ্তাহে দুই দিন আমার কাছে যেত। গত সোমবার জামাই এসে ৩ লাখ টাকা ও গাড়ি কিনে দেওয়ার দাবি তোলে। আমরা গরিব মানুষ, রিকশা চালিয়ে সংসার চলে, এত টাকা দেওয়ার সামর্থ্য আমাদের নেই। টাকা না পেয়ে সোমবার বিকেলেই মেয়েকে নিয়ে যায়। এরপর কাল রাতে ফোন আসে মেয়ে অসুস্থ। গিয়ে দেখি আমার মেজ মেয়েকে হত্যা করা হয়েছে। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।
এ বিষয়ে কেডিসি এলাকার স্থানীয় বাসিন্দা জামাল হোসেন জানান, প্রায় সময়ই এই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। লোকমুখে শুনেছেন এটি আত্মহত্যা, তবে যদি এটি হত্যার ঘটনা হয়ে থাকে তবে আইন যেন তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়।
তবে ঘটনার বিষয়ে নিহতের স্বামী অভিযুক্ত শাহাদাত দাবি করেন, তাদের মধ্যে দাম্পত্য কলহ ও দ্বন্দ্বের বিষয়টি সত্য, তবে তার স্ত্রী অভিমান ও রাগের বশবর্তী হয়ে আত্মহত্যা করেছেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নিহতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত স্বামী শাহাদাত ও তার শাশুড়িকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।