পটুয়াখালীতে পুকুর থেকে দুই স্কুলছাত্রীর লাশ

মে ২২ ২০২৬, ২১:৫৭

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীতে পুকুর থেকে লামিয়া আক্তার (১০) ও মোসা. সেফা মনি (১১) নামের দুই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেরা শহরের টাউন কালিকাপুর এলাকার উকিল বাড়ি সংলগ্ন একটি পুকুরে এ ঘটনা ঘটে।

লামিয়া ওই এলাকার জাকির হোসেনের মেয়ে ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। সেফা মনি আবু সুফিয়ানের মেয়ে এবং ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তারা একে অপরের ঘনিষ্ঠ বান্ধবী বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে দুই শিশু পুকুরপাড়ে খেলাধুলা করছিল।

কিছু সময় পর পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তল্লাশি চালিয়ে পানির নিচ থেকে তাদের উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাদের পটুয়াখালী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

দুই শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতাল ও আশপাশের পরিবেশ।পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘বিষয়টি জেনেছি। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’