জলাবদ্ধতা নিরসন ও সড়ক সংস্কারে দ্রুত পদক্ষেপের নির্দেশ বিসিসি প্রশাসকের

সেপ্টেম্বর ০৬ ২০২৬, ২০:৫৩

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর বিভিন্ন এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে সরেজমিনে পরিদর্শন করেছেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। রোববার (৬ সেপ্টেম্বর) তিনি নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের গোড়াচাঁদ দাস রোড এলাকার খন্দকার হাবিবুর রহমান লেন এবং ১৭ নম্বর ওয়ার্ডের পেশকার বাড়ী এলাকার সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সিটি প্রশাসক সংশ্লিষ্ট এলাকার ড্রেনেজ ব্যবস্থার সার্বিক অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি দুই এলাকার সড়কের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে সংস্কারকাজ দ্রুত সম্পন্ন করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। সড়ক সংস্কারের ক্ষেত্রে কাজের গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ে কাজ শেষ করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি কমাতে সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসনের পক্ষ থেকে নগরীর বিভিন্ন ওয়ার্ডের সড়ক, ড্রেনেজ ও নাগরিক সেবার অবস্থা সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।