বরিশালে নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে পুলিশের অভিযান, আটক ১০
স্টাফ রিপোর্টার : বরিশাল মহানগরীতে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। শনিবার (১৭ মে) দিবাগত রাত থেকে রোববার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি মহানগরীর কয়েকটি এলাকায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপনে মিছিল, বৈঠক ও সাংগঠনিক তৎপরতা চালাচ্ছেন— এমন তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় কোতোয়ালি মডেল থানা পুলিশের একাধিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় কয়েকজনকে নিজ বাসা থেকে এবং কয়েকজনকে বিভিন্ন স্থানে অবস্থানকালে আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন সময়ে দায়ের হওয়া রাজনৈতিক সহিংসতা, নাশকতা ও সরকারবিরোধী কর্মকাণ্ড সংক্রান্ত মামলার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন— বরিশাল মহানগর আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ এনায়েতুর রহমান (৪৯), মহানগর ছাত্রলীগের সক্রিয় কর্মী মোঃ আতিকুর রহমান টুটুল (৩০), ছাত্রলীগের কর্মী মোঃ আল আমিন (২২) ও মোঃ হৃদয় (১৯), বিসিসির ৬ নম্বর ওয়ার্ড শ্রমিকলীগের সভাপতি মোঃ কালাম খান (৫৫), সিটি মার্কেট পাইকারী কাঁচাবাজার কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সক্রিয় কর্মী মোঃ দেলোয়ার হোসেন (৬৫), শ্রমিকলীগের সদস্য মোঃ বাবুল বেপারী (৫৫), জাগুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ হাবিব ফরাজী (৬৪), ২৬ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি আলফাজ হাসান সিয়াম (৩০) এবং ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের কার্যকরী সদস্য মোঃ নাঈম (২৩)।
অভিযানে নেতৃত্ব দেন কোতোয়ালি মডেল থানার একাধিক কর্মকর্তা। অংশ নেওয়া কর্মকর্তাদের মধ্যে ছিলেন এসআই গোলাম মোঃ নাসিম হোসেন, এসআই মোঃ নাহিদুল ইসলাম, এসআই মোঃ সাইফুল ইসলাম, এসআই মোঃ মোস্তাফিজুর রহমান, এসআই মোঃ আব্দুল কুদ্দুস মোল্লা, এসআই মোঃ সেলিম সরদার, এসআই মোঃ আব্দুল মান্নান, এসআই মাহাফুজুর হাসান, এএসআই রবি আহসান, এসআই মোঃ সাহিনুল ইসলাম এবং এএসআই মোঃ আব্দুল্লাহ আল জোবায়েরসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন উল ইসলাম বলেন, “নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ১০ জনকে আটক করা হয়।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে।” তিনি আরও বলেন, মহানগরীতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নিষিদ্ধ সংগঠনের তৎপরতা বরদাশত করা হবে না। জননিরাপত্তা নিশ্চিতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।










































