বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে আইনজীবীর বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টার : বরিশালে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে তৌহিদুর রহমান সোহেল নামে এক আইনজীবীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলাটি দায়ের করা হলে আদালতের বিচারক মোঃ রকিবুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে বাদিনীর সঙ্গে অভিযুক্ত আইনজীবীর পরিচয় হয়। পরবর্তীতে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে অভিযুক্ত তাকে বিয়ের প্রস্তাব দিলে তরুণী তাতে সম্মতি দেন। অভিযোগে বলা হয়, গত ২৬ ডিসেম্বর কোতোয়ালী থানাধীন আমতলার একটি রেস্টুরেন্টে তাদের সাক্ষাৎ হয় এবং সেখানেই বিয়ের আশ্বাস দিয়ে কয়েকটি স্ট্যাম্পে তরুণীর স্বাক্ষর নেন অভিযুক্ত।
পরে একটি অফিসে নিয়ে গিয়ে তাকে জানানো হয় যে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। তবে কোনো রেজিস্ট্রি কাবিন বা আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়নি। এজাহারে আরও উল্লেখ করা হয়, পরদিন ২৭ ডিসেম্বর সন্ধ্যায় গির্জা মহল্লার একটি আবাসিক হোটেলের কক্ষে নিয়ে বিয়ের কথা বলে অভিযুক্ত তরুণীর সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন।
পরে বাজার রোড এলাকার একটি ভাড়া বাসায় স্বামী-স্ত্রীর পরিচয়ে তরুণীকে রাখেন এবং সেখানে দীর্ঘদিন ধরে নিয়মিত যাতায়াত করে শারীরিক সম্পর্ক চালিয়ে যান। বাদিনীর অভিযোগ, তিনি একাধিকবার বিয়ের কাবিন সম্পন্ন করার জন্য চাপ দিলেও অভিযুক্ত নানা অজুহাতে বিষয়টি এড়িয়ে যান।
সর্বশেষ গত ৪ এপ্রিল রাতে অভিযুক্ত তাকে আবারও জোরপূর্বক ধর্ষণ করেন। ওই সময় বিয়ের রেজিস্ট্রির কথা তুললে অভিযুক্ত সরাসরি জানিয়ে দেন যে তাদের মধ্যে কোনো বিয়ে হয়নি এবং তিনি তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেবেন না।
এ ঘটনায় বাদিনী থানায় মামলা করতে গেলে পুলিশ আদালতে মামলা দায়েরের পরামর্শ দেয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে আদালতে মামলা দায়ের করা হয়।










































