অনিয়ম দুর্নীতির অভিযোগে বরগুনার সেই নির্বাহী প্রকৌশলীর বদলি

মে ১৭ ২০২৬, ২২:২৬

বরগুনা প্রতিনিধি : বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খাঁনকে বদলি করা হয়েছে। সম্প্রতি গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের ৩৬ কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগে সংবাদ প্রকাশের পর এ বদলির সিদ্ধান্ত আসে। বিষয়টি নিয়ে বরগুনাজুড়ে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের প্রতিক্রিয়া দেখা গেছে।

গত বৃহস্পতিবার এলজিইডির প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে সদর দপ্তর ঢাকায় একই পদে বদলি করা হয়। রবিবার (১৭ মে) বদলির খবর বরগুনায় পৌঁছালে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়।

জানা গেছে, ২০২৪ সালের ২৩ জুন বরগুনা এলজিইডিতে নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন মোঃ মেহেদী হাসান খাঁন। যোগদানের পর থেকেই তিনি আওয়ামী লীগের দোসর ও ঘনিষ্ঠদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, জলবায়ু প্রকল্পের আওতায় খাল খনন কাজে অনিয়ম হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি, বরং প্রকল্পের অর্থ ছাড় করে দেন।

এছাড়া গত মার্চ মাসে আমতলী-তালতলী উপজেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় ৩৬ কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। ওই টেন্ডারে ৭৭টি প্রতিষ্ঠান অংশ নিলেও গত ২০ এপ্রিল অনিয়ম ও অনৈতিকতার মাধ্যমে পাঁচটি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন ওমর আব্দুল্লাহ শাহীন।

অনুসন্ধানে উঠে আসে, কাজ পাওয়া পাঁচটি প্রতিষ্ঠানের মালিকরা সবাই আওয়ামী লীগের ঘনিষ্ঠ এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের আত্মীয়স্বজন। উত্তর কোরিয়ার খবর

এর মধ্যে নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান বরিশালের “এমএস লুৎফুল কবির ট্রেডার্স”, শেখ সেলিমের ভাগ্নে ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আতিকুর রহমান নুরের প্রতিষ্ঠান “এমএস নুর কনস্ট্রাকশন”, সহকারী প্রকৌশলী রাজিব শাহর নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “এসএম লেলিন ট্রেডার্স (লেলিন-দীপ জেভি)” এবং সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল চন্দ্র গাইনের নিকটাত্মীয়ের প্রতিষ্ঠান “নিশিত বসু ট্রেডার্স” কাজ পায় বলে অভিযোগ রয়েছে।

গত ১০ মে এ অনিয়ম ও স্বজনপ্রীতির বিষয়ে একটি স্বচিত্র প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে এলজিইডির প্রধান কার্যালয় ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়। সংবাদ প্রকাশের চার দিনের মাথায় নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান খাঁনকে বদলি করা হয়।

এ বিষয়ে বদলিকৃত নির্বাহী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান খাঁন বলেন, “বদলির চিঠি এখনো হাতে পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে বদলির খবর জানতে পেরেছি।”