করাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
মহিপুর প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের নাওয়াপাড়া এলাকায় রাবনাবাদ নদীর তীর থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রবিবার (১৭ মে) বিকেল ৪টার দিকে স্থানীয়রা নদীর তীরে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পায়রা বন্দর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারীর বয়স আনুমানিক ২৫ বছর। মরদেহ উদ্ধারের সময় তাকে খালি গায়ে এবং লাল রঙের সালোয়ার পরিহিত অবস্থায় পাওয়া যায়। তবে মরদেহটি নদী থেকে ভেসে এসেছে কিনা বা কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে কেউ নিশ্চিত তথ্য দিতে পারেনি।
খবর পেয়ে নৌ-পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে। তাৎক্ষণিকভাবে ওই নারীর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এছাড়া মৃত্যুর প্রকৃত কারণও এখনও অজানা রয়েছে।
পায়রা বন্দর নৌ-পুলিশের ইনচার্জ নয়ন কারকুন বলেন, “ঘটনাস্থলে নৌ-পুলিশ সদস্যরা উপস্থিত রয়েছেন। পিবিআই ও সিআইডি টিমের তদন্ত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও ঘটনার রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।










































