নলছিটিতে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক, মোটরসাইকেল জব্দ

অক্টোবর ১৮ ২০২৬, ২২:০৭

নলছিটি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ভরতকাঠি গ্রামের আকন বাড়িতে অভিযান চালিয়ে মোঃ রেদওয়ান মাহমুদ ওরফে হিমেল (৩২) নামে এক যুবককে আটক করা হয়েছে। এ সময় ২০০ পিস ইয়াবা উদ্ধারের পাশাপাশি একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে।

রোববার (১৮ অক্টোবর ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ তানভী হোসেন খানের সার্বিক তত্ত্বাবধান ও নির্দেশনায় অধিদপ্তরের একটি দল অভিযানে অংশ নেয়।

এজাহার সূত্রে জানা যায়, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভরতকাঠি গ্রামের আকন বাড়িতে অবস্থিত একটি দোতলা ভবনের নিচতলার পূর্ব পাশের ফ্ল্যাটে অভিযান চালানো হয়। ওই ফ্ল্যাটে বসবাসকারী রেদওয়ান মাহমুদ ওরফে হিমেলকে আটক করে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালানো হয়।

এ ঘটনায় একটি সুজুকি জিক্সার এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়। মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর বরিশাল মেট্রো-ল-১১-৫৪৮০। আটক রেদওয়ান মাহমুদ ওরফে হিমেল ভরতকাঠি গ্রামের মোঃ ফরিদ আকনের ছেলে। তাঁর মায়ের নাম আসমা বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এজাহারসংক্রান্ত তথ্যে জানা গেছে। তবে আটক ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হওয়া সাপেক্ষে তাঁর দায় নির্ধারিত হবে।