বানারীপাড়ার আলু পট্টিতে ময়লার ভাগাড়, ভোগান্তিতে ব্যবসায়ী ও পথচারী

অক্টোবর ১৮ ২০২৬, ২২:০৫

বানারীপাড়া প্রতিনিধি : বরিশালের বানারীপাড়া উপজেলার ঐতিহ্যবাহী বন্দর বাজারের আড়ৎদার পট্টি এলাকায় দেখা দিয়েছে চরম বেহাল দশা। উপযুক্ত রক্ষণাবেক্ষণ ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবে এলাকাটি বর্তমানে দুর্গন্ধে সয়লাব হয়ে পড়েছে। এতে মারাত্মক ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী, বন্দর বাজারে আসা ক্রেতা-বিক্রেতা এবং সাধারণ পথচারীরা।

স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগ, আড়ৎদার পট্টি সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে যত্রতত্র বাজারের বর্জ্য ও ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে। নিয়মিত তা পরিষ্কার না করায় পচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। বন্দর বাজারে প্রতিদিন হাজারো মানুষের সমাগম ঘটে। কিন্তু আলু পট্টির এই নোংরা পরিবেশের কারণে ক্রেতারা ওই এলাকায় যেতে অনীহা প্রকাশ করছেন। ফলে ব্যবসায়ীরা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং একই সাথে মারাত্মক স্বাস্থ্যঝুঁকিতে দিন কাটাচ্ছেন।

​অন্যদিকে, আড়ৎদার পট্টি সংলগ্ন বেড়িবাঁধ সড়কে মানবিক ও পরিবেশগত একটি সমস্যা দেখা দিয়েছে। সেখানে ‘মনির মা’ নামে পরিচিত এক সন্তানহীন নিঃসংশ্রয় বৃদ্ধা একটি অস্থায়ী ঘর তুলে বসবাস করছেন। তিনি বেঁচে থাকার তাগিদে কয়েকটি ছাগল পালন করছেন এবং ঘরটির পাশেই ছাগলগুলোর থাকার ব্যবস্থা করা হয়েছে। ছাগলের বর্জ্য ও অব্যবস্থাপনার কারণে ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারী ও আশপাশের মানুষকে তীব্র দুর্গন্ধ সহ্য করতে হচ্ছে।

এলাকাবাসীর মতে, বৃদ্ধা মনির মায়ের কোনো স্থায়ী আশ্রয় না থাকায় তিনি বাধ্য হয়ে বেড়িবাঁধে বসবাস করছেন। মানবিক দিক বিবেচনা করে তাঁকে উপযুক্ত স্থানে পুনর্বাসন করা এবং তাঁর ছাগলগুলোর জন্য বিকল্প স্থানের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে। এতে একদিকে যেমন একজন নিঃস্ব বৃদ্ধা স্থায়ী মাথা গোঁজার ঠাঁই পাবেন, অন্যদিকে বেড়িবাঁধের স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে।

​স্থানীয় ব্যবসায়ী ও পথচারীরা বানারীপাড়া পৌরসভা ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি দ্রুত আড়ৎদার পট্টির ময়লা-আবর্জনা পরিষ্কারের স্থায়ী পদক্ষেপ নেওয়া এবং বেড়িবাঁধের পরিবেশ রক্ষায় উদ্যোগ নেওয়ার জোর দাবি জানিয়েছেন।