দোষীদের গ্রেপ্তারের দাবি

কেএমসি হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে ড্যাব নেতৃবৃন্দের ক্ষোভ

জুন ১১ ২০২৬, ২১:৫১

স্টাফ রিপোর্টার : বরিশালের বেসরকারি কেএমসি হাসপাতালে এক মুমূর্ষু রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কতিপয় দুর্বৃত্তের হামলা এবং দায়িত্বরত এক নবীন চিকিৎসককে প্রাণনাশের চেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার (১১ জুন) দুপুর আড়াইটায় ড্যাবের শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শাখা ও বরিশাল জেলা শাখার নেতৃবৃন্দ কেএমসি হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা হামলায় আহত চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করে তার খোঁজখবর নেন এবং সহমর্মিতা প্রকাশ করেন।

পরিদর্শনকালে ড্যাব নেতারা অবিলম্বে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে হাসপাতাল কর্তৃপক্ষকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

নেতৃবৃন্দ আরও বলেন, রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে কেএমসি হাসপাতালে দ্রুত একটি আধুনিক আইসিইউ স্থাপন এবং প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক নিয়োগের ব্যবস্থা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ড্যাব বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান, শেবাচিম শাখার সভাপতি ডা. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজউদ্দিন সাজিদ, দপ্তর সম্পাদক ডা. ইস্তিয়াক আহমেদ রিফাত, ডা. আবদুল মালেক, ডা. সাইদুল ইসলাম আবীর, ডা. মাজহারুল রেজওয়ান রেজাসহ ড্যাবের অন্যান্য নেতৃবৃন্দ।

ড্যাব নেতারা চিকিৎসকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।