নলছিটিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বসতঘর নির্মাণের চেষ্টা, প্রাণনাশের হুমকি

জুন ১৩ ২০২৬, ১৩:১৩

স্টাফ রিপোর্টার : ঝালকাঠির নলছিটি উপজেলার জয়কলস এলাকায় আদালতের জারি করা নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিরোধপূর্ণ জমিতে বসতঘর নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন মামলার বাদী মো. জাকির হোসেন।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার জয়কলস এলাকার বাসিন্দা মো. এরফান উদ্দিন হাওলাদারের ছেলে মো. জাকির হোসেনের সঙ্গে একই এলাকার মো. হাকেম আলীর চার ছেলে—মো. আওলাদ হোসেন, মো. ওলিদ হোসেন, মো. ফেরদৌস হোসেন ও মো. কবির হোসেনদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।

বিরোধপূর্ণ জমিটি জয়কলস মৌজার বিএস খতিয়ান নং-৯৫ এবং দাগ নং-৩১৪ এর অন্তর্ভুক্ত ২৯ শতাংশ জমি। এ বিষয়ে গত ৩ জুন মো. জাকির হোসেন ঝালকাঠি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। মামলার প্রাথমিক শুনানি শেষে আদালত বিরোধপূর্ণ জমির ওপর স্থিতাবস্থা বজায় রাখতে নিষেধাজ্ঞার আদেশ জারি করেন।

অভিযোগ রয়েছে, আদালতের ওই নিষেধাজ্ঞা অমান্য করে প্রতিপক্ষ জমিতে বালু ভরাট করে পাইলিংয়ের কাজ শুরু করেছে এবং সেখানে বসতঘর নির্মাণের প্রস্তুতি নিচ্ছে। জাকির হোসেন দাবি করেন, নির্মাণকাজে বাধা দিতে গেলে প্রতিপক্ষের লোকজন তাকে মারধর ও প্রাণনাশের হুমকি দিচ্ছে।

তিনি বলেন, “আদালতের আদেশ থাকা সত্ত্বেও প্রতিপক্ষ জোরপূর্বক জমিতে নির্মাণকাজ চালানোর চেষ্টা করছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।” এ বিষয়ে আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে (ভায়োলেশন) পৃথক মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন বাদী।

অভিযোগের বিষয়ে প্রতিপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়দের মতে, দীর্ঘদিনের এ জমি বিরোধকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এদিকে আদালতের নিষেধাজ্ঞা কার্যকর রাখতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী পরিবার।