বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের ডিন’স মেরিট অ্যাওয়ার্ড প্রদান

জুলাই ২৭ ২০২৬, ২২:৩০

স্টাফ রিপোর্টার : বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কৃতী ও মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে ডিন’স মেরিট আ্যাওয়ার্ড ২০২৬। ২৭ জুলাই বিকেল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের হাতে ডিন’স অ্যাওয়ার্ড তুলে দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জহির উদ্দিন স্বপন এম.পি.। এসময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আজ যারা অ্যাওয়ার্ড পেয়েছো, তোমাদের অর্জনে আমরা গর্বিত।

তোমাদেরকে মনে রাখতে হবে আজকের এই বিশ্ব শুধুই সম্পদের উপর নির্ভর করে না। পৃথিবীতে যেসব দেশ আজ জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তিতে এগিয়ে, তারাই প্রকৃত অর্থে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। শুধু প্রাকৃতিক সম্পদ নয়, উন্নয়নের মূল শক্তি হলো জ্ঞান ও মেধা।

সম্পদ থাকতে পারে, কিন্তু জ্ঞানের অভাবে সেই সম্পদও বোঝা হয়ে যায়। মানুষই একমাত্র প্রাণী, যে তার জ্ঞান ও বুদ্ধির প্রয়োগে পৃথিবীকে বদলে দিয়েছে। তাই তোমাদের জ্ঞানচর্চায় মনোযোগী হতে হবে। আজকের এই মেধাবীরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ মামুন অর রশিদ। তিনি অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এ অর্জন কঠোর পরিশ্রমের ফসল, যা ভবিষ্যতে দেশ-বিদেশে নতুন পথ চলার প্রেরণা হিসেবে শক্তি জোগাবে । আমাদের মেধাবী শিক্ষার্থীদের সঠিক পরিকল্পনা ও দিক নির্দেশনা দিতে পারলে তারা সমাজ ও দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারবে, দেশকে গৌরবান্বিত করতে পারবে এবং দেশের জন্য গৌরব বয়ে আনতে পারবে।

ডিন’স মেরিট আ্যাওয়ার্ড ২০২৬ এর আহবায়ক জীববিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

এছাড়াও অ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশিকুর রহমান এবং কোস্টাল স্টাডিজ এন্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইতি খান মিতু বক্তব্য রাখেন। ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক এবং সহকারী প্রক্টর ড. গাজী মোঃ সাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন ড. ধীমান কুমার রায়, প্রকৌশল অনুষদের ডিন ড. রাহাত হোসাইন ফয়সাল, কলা ও মানবিক অনুুষদের ডিন ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, সামজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. ইসরাত জাহান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন মোঃ হারুন-অর-রশিদ এবং আইন অনুষদের ডিন ড. সরদার কায়সার আহমেদসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষকমন্ডলী, অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ । অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ৭টি অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীদের মাঝে মর্যাদাপূর্ণ এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়।