ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদারের নির্দেশ

জুলাই ২৬ ২০২৬, ২২:৫১

স্টাফ রিপোর্টার : ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে সমন্বিত কার্যক্রম আরও জোরদার করতে বরিশালে জেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ডেঙ্গু, চিকুনগুনিয়া ও অন্যান্য মশাবাহিত রোগ মোকাবেলায় পরিচ্ছন্নতা অভিযান, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত লার্ভা ও মশকনিধন কার্যক্রম জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মামুন খন্দকার। সভায় জেলার ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

এ সময় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণও সমানভাবে জরুরি। এজন্য বাড়ির আঙিনা, ছাদ, নির্মাণাধীন ভবন, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, টায়ারসহ যেকোনো স্থানে তিন দিনের বেশি পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।

এছাড়া জেলার সব উপজেলা ও পৌরসভায় সমন্বিত পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে প্রয়োজনীয় প্রস্তুতি নিশ্চিত করা এবং ডেঙ্গু আক্রান্ত রোগীদের দ্রুত শনাক্ত ও চিকিৎসাসেবা প্রদানে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

সভা শেষে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিসহ বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।