মানবপাচারবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নেপাল গেলেন অ্যাড. এস.এম. সরোয়ার হোসেন

আগস্ট ২৪ ২০২৬, ২০:৪৭

স্টাফ রিপোর্টার : মানবপাচার ও অভিবাসী পাচারবিরোধী আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে নেপাল গেলেন বরিশালের মানবপাচার ও অভিবাসী পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট এস.এম. সরোয়ার হোসেন। সোমবার (২৪ আগস্ট) নেপালের উদ্যেশে দেশ ত্যাগ করেছেন।

এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর (জিপি-পিপি) শাখার গত ১০ আগস্ট জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (UNODC) আয়োজিত ‘South Asia Chapter of the International Forum of Specialized Prosecutors against trafficking in human beings and smuggling of migrants’ শীর্ষক সম্মেলন আজ ২৫ আগস্ট ও আগামীকাল ২৬ আগস্ট নেপালে অনুষ্ঠিত হবে। সম্মেলনে অংশগ্রহণের জন্য বরিশালের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর এস.এম. সরোয়ার হোসেন এবং রংপুরের পাবলিক প্রসিকিউটর মো. আবু তাহের আলী নিউটনকে সরকারের পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয়েছে।

সরকারি আদেশে বলা হয়েছে, সম্মেলনে অংশগ্রহণের পুরো সময় এবং যাতায়াতের সময় সরকারি দায়িত্ব হিসেবে গণ্য হবে। আয়োজক প্রতিষ্ঠান সম্মেলনে অংশগ্রহণকারীদের সংশ্লিষ্ট সব ব্যয় বহন করবে। ফলে বাংলাদেশ সরকারকে এ সফরের জন্য স্থানীয় বা বৈদেশিক মুদ্রায় কোনো ব্যয় বহন করতে হবে না। আদেশে আরও উল্লেখ করা হয়, প্রতিনিধিদল গতকাল ২৪ আগস্ট নেপালের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে এবং ২৭ আগস্ট দেশে ফিরবে।

আইন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখার সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে পররাষ্ট্র মন্ত্রণালয়, রংপুর ও বরিশালের জেলা ও দায়রা জজ, সংশ্লিষ্ট মানবপাচার ও অভিবাসী পাচার অপরাধ দমন ট্রাইব্যুনালসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অবহিত করা হয়েছে।

আন্তর্জাতিক এ সম্মেলনে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের বিশেষায়িত প্রসিকিউটরদের অংশগ্রহণের কথা রয়েছে। মানবপাচার ও অভিবাসী পাচার প্রতিরোধ, এসব অপরাধের বিচার প্রক্রিয়া শক্তিশালী করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অভিজ্ঞতা ও তথ্য বিনিময়ের বিষয়ে সম্মেলনে আলোচনা হওয়ার কথা রয়েছে।