বরিশালে ভূমিহীনদের খাস জমি বন্দোবস্তের দাবিতে পুনর্বিবেচনার আহ্বান
এপ্রিল ২২ ২০২৬, ১২:৪০
স্টাফ রিপোর্টার : নদী বেষ্টিত বরিশালে শিল্প-কারখানার অভাব, করোনা পরবর্তী কর্মসংস্থান সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ভূমিহীন ও নিম্নবিত্ত মানুষের জীবনযাপন দিন দিন দুর্বিষহ হয়ে উঠেছে। কর্মসংস্থানের অভাবে বহু পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ভুক্তভোগীরা জানান, করোনা পরবর্তী সময়ে চাকুরীচ্যুতি, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজের সংকোচন, নদী ভাঙন এবং চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে অনেকেই তাদের বাস্তুভিটা হারিয়ে বরিশাল নগরীতে ভাড়াটিয়া হিসেবে অনিরাপদ জীবনযাপন করছেন। এর সঙ্গে সম্প্রতি দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি তাদের দুর্দশা আরও বাড়িয়ে দিয়েছে।
অন্যদিকে সিটি কর্পোরেশনের হকার উচ্ছেদ কার্যক্রমের কারণে হকার ও ক্ষুদ্র ব্যবসায়ীদের একটি বড় অংশ তাদের আয়ের উৎস হারিয়েছেন। ফলে পরিবার-পরিজন নিয়ে টিকে থাকা তাদের জন্য কঠিন হয়ে পড়েছে।
এ অবস্থায় ভূমিহীনদের অভিযোগ, খাস জমি বরাদ্দের দাবিতে তারা গত ১৮ মে ২০২২, ১২ অক্টোবর ২০২২ ও ৬ ফেব্রুয়ারি ২০২৪—এই তিন দফায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। একাধিকবার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে যোগাযোগ করেও তারা কোনো ইতিবাচক সাড়া পাননি।
তারা আরও বলেন, রাষ্ট্রীয় আইন ও ভূমি প্রশাসন ম্যানুয়াল অনুযায়ী খাস জমির প্রকৃত মালিক হিসেবে ভূমিহীনদের স্বীকৃতি থাকলেও বাস্তবে অধিকাংশ পরিবার এখনো সেই জমি থেকে বঞ্চিত। বরং প্রভাবশালী বিত্তশালীরা বিভিন্ন কৌশলে খাস জমি দখল করে ভোগ করছেন বলে অভিযোগ রয়েছে।
ভূমিহীনদের দাবি, খাস জমি বন্দোবস্ত কোনো দয়া নয়, এটি তাদের ন্যায্য অধিকার। তাই অবিলম্বে দখলকৃত খাস জমি উদ্ধার, চরাঞ্চলের খাস জমি চিহ্নিতকরণ এবং প্রকৃত ভূমিহীনদের মধ্যে সুষ্ঠুভাবে বন্দোবস্ত দেওয়ার দাবি জানিয়েছেন তারা।
এছাড়া বরিশাল মহানগর ও আশপাশের ইউনিয়নগুলোতে অবস্থানরত ভূমিহীন পরিবারের পূর্বে জমাকৃত তথ্যসম্বলিত আবেদনপত্র পুনর্বিবেচনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে।









































