শের-ই-বাংলা মেডিকেল কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হলেন ডা. মজিবুর রহমান

জুলাই ০২ ২০২৬, ২০:৩৭

মোঃ হাবিবুল্লাহ বেপারী : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দেশের দুটি সরকারি মেডিকেল কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে দায়িত্ব প্রদান করে প্রজ্ঞাপন জারি করেছে।

বৃহস্পতিবার (২ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ, বরিশালের সহযোগী অধ্যাপক (পেডিয়াট্রিকস) ডা. মো. মজিবুর রহমান-কে ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।

একই প্রজ্ঞাপনে কক্সবাজার মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক (শিশু) ডা. মোহাম্মদ মজিবুল হক-কে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, পদায়নপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ৯ জুলাই ২০২৬-এর মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। যোগদানের আগে বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ, এইচআরএম (HRM) ডাটাবেজে ‘মুভ আউট’ এবং নতুন কর্মস্থলে যোগদানের পর ‘মুভ ইন’ সম্পন্ন করতে হবে। একই সঙ্গে যোগদানের পর পিডিএস (PDS) তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া, যোগদানপত্র স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশও প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত রয়েছে। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।