অটোরিকশা চালক সাব্বির হত্যা মামলার মূলহোতা র‍্যাবের হাতে গ্রেপ্তার

জুলাই ০২ ২০২৬, ১০:০০

স্টাফ রিপোর্টার : পিরোজপুরে অটোরিকশা চালক সাব্বির সিকদারকে হত্যা করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় অন্যতম মূলহোতা মো. মাসুদ খান (৩৯)কে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২ জুলাই) র‌্যাব-৮, বরিশালের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, র‌্যাব-৮, সিপিএসসি বরিশাল এবং র‌্যাব-৩, সিপিসি-১, শাহজাহানপুরের যৌথ অভিযানে গত ১ জুলাই বিকেলে ঢাকার হাতিরঝিল থানা এলাকা থেকে পিরোজপুর সদর থানার চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যা মামলার অন্যতম মূলহোতা মো. মাসুদ খানকে গ্রেপ্তার করা হয়। তিনি পিরোজপুর সদর উপজেলার ওদনকাঠি এলাকার মৃত মতিউর রহমানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ মার্চ বিকেল সাড়ে ৫টার দিকে পিরোজপুর পৌরসভার রায়েরকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হন চালক সাব্বির সিকদার (২৬)। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন ২১ মার্চ সকালে পিরোজপুর সদর উপজেলার টোনা ইউনিয়নের ওদনকাঠি গ্রামের একটি কৃষিজমির পাশ থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ঘটনাস্থলে গিয়ে স্বজনরা মরদেহটি সাব্বির সিকদারের বলে শনাক্ত করেন।

এজাহারে উল্লেখ করা হয়, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে লোহার হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে সাব্বিরকে হত্যা করে তার ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় নিহতের বাবা হারুন সিকদার বাদী হয়ে পিরোজপুর সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব জানায়, ঘটনার পর থেকেই র‌্যাব-৮ ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত মাসুদ কৌশলে বিভিন্ন স্থানে আত্মগোপনে থেকে অবস্থান পরিবর্তনের মাধ্যমে আইন-শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। পরে যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকার হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।