লালমোহনে স্কুল ছাত্রের ছুরিকাঘাতে কলেজ ছাত্র খুন
জুলাই ০২ ২০২৬, ২০:৫২
লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে স্কুল ছাত্রের ছুরিকাঘাতে কলেজ শিক্ষার্থী নিহত। বৃহস্পতিবার দুপুরে একটায় লালমোহন পৌরসভার ৫নং ওয়ার্ড স্বনির্ভর রোডের বালুর মাঠে এঘটনা ঘটে। নিহত কলেজ শিক্ষার্থী লাঙ্গলখালী ট্রান্সপোর্ট ব্যবসায়ী সালাউদ্দিনের ছেলে মোঃ ইব্রাহীম খলিল নয়ন। তাঁর বাড়ি পৌরসভার ৯নং ওয়ার্ড। সে ডাঃ আজাহার উদ্দিন ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র।
অপরদিকে ঘাতক আব্দুল্লাহ আল মানিক আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।সে লালমোহন সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের আলাউদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, পথচারি ও পাশের বাসার মহিলাদের ভাষ্যমতে, “তিনজন মিলে একটি পোলারে পিঠায় আর বলে তোর মোবাইলে ছবি আছে এগুলো ডিলিট কর। ছেলেটি চিৎকার করে এরপর হঠাৎ দেখি রক্তে ভাইসা গেছে সব”।
ঐ স্কুলের এক শিক্ষক বলেন, ছেলেটি অভ্যন্তরীণ প্রথম সাময়িক পরীক্ষা দিয়ে পোনে একটার দিকে পরীক্ষার হল থেকে বের হয়ে গেছে। স্থানীয় সূত্রে আরো জানা যায়, বৃহস্পতিবার দুপুর একটায় ঘাতক মানিককে আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে নিহত কলেজ ছাত্র নয়নের নেতৃত্বে স্কুল সংলগ্ন বালুর মাঠে ডেকে নিয়ে এলোপাথাড়ি পিটাতে থাকে।
এবং তার মোবাইলে ছবি ডিলেট করার কথা বলে। একপর্যায়ে মানিক আত্ম রক্ষার্থে ছুরি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে কলেজ ছাত্র নয়ন নিহত হয়। এবং তার সাথে অন্য দুজন আহত হয়। আহতরা হলেন মোঃ আলী জিন্নাহ’র ছেলে আরমান ও আবুল কালাম আজাদের ছেলে আশরাফ। তাঁরা সবাই সহপাঠী। পরে ঘাতক মানিক ছুরিসহ থানায় আত্মসমর্পণ করে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অলিউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহত ছাত্রের লাশ ভোলা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। আর আহতদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।
অপরদিকে নিহত কলেজ শিক্ষার্থী নয়নের সহপাঠী বন্ধুরা বিক্ষুব্ধ হয়ে থানার সামনে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিচার দাবি করে। পরে লালমোহন সার্কেলের এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তিনি বলেন, মূল আসামি আমাদের হেফাজতে রয়েছে। তদন্তের মাধ্যমে বিচার নিশ্চিত করার আশ্বাস দেন।









































