বরিশালে ২০টি হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর

জুলাই ৩০ ২০২৬, ২২:২২

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর কাউনিয়া থানা পুলিশের ধারাবাহিক অভিযান ও প্রযুক্তিগত প্রচেষ্টায় বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর সাড়ে ১২টায় কাউনিয়া থানায় যাচাই-বাছাই শেষে উদ্ধার করা এসব মোবাইল ফোন মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ ইমদাদ হুসাইনের সার্বিক দিকনির্দেশনা এবং সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া জোন) পবিত্র কুমার হালদারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে জুলাই মাসজুড়ে কাউনিয়া থানা পুলিশ একাধিক অভিযান পরিচালনা করে। এসব অভিযানে বিভিন্ন স্থান থেকে হারিয়ে যাওয়া ২০টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মোবাইল ফোনগুলোর প্রকৃত মালিকানা যাচাই-বাছাই করা হয়। যাচাই শেষে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মালিকদের কাছে ফোনগুলো হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে মালিকরা আনন্দ ও সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে তারা বরিশাল মেট্রোপলিটন পুলিশকে ধন্যবাদ জানান।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার পবিত্র কুমার হালদার, কাউনিয়া থানার অফিসার ইনচার্জ সনজীত চন্দ্র নাথসহ থানার অন্যান্য পুলিশ সদস্যরা।

পুলিশ জানায়, জনসাধারণের নিরাপত্তা ও নাগরিকসেবা নিশ্চিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ নিয়মিতভাবে হারানো মোবাইল উদ্ধারে কাজ করে যাচ্ছে। জনগণের সহযোগিতা ও পুলিশের প্রযুক্তিনির্ভর কার্যক্রমের মাধ্যমে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।