বরিশালে দুই দিনব্যাপী তথ্য অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জুলাই ২৯ ২০২৬, ১৮:৪৮

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশালের উদ্যোগে দুই দিনব্যাপী ‘তথ্য অধিকার আইন, ২০০৯ বিষয়ক প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। ২৮ ও ২৯ জুলাই বরিশাল নগরীর সদর রোডস্থ বিডিএস কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের ছয় জেলার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কর্মশালার উদ্বোধনী পর্বে স্বাগত বক্তব্য প্রদান করেন বেলার বরিশাল বিভাগের সমন্বয়ক লিঙ্কন বায়েন। তিনি প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরে বলেন, তথ্য অধিকার আইন সম্পর্কে তরুণদের সচেতন ও দক্ষ করে গড়ে তোলার মাধ্যমে সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় তাদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।

দুই দিনব্যাপী প্রশিক্ষণে তথ্য অধিকার আইন, ২০০৯, আরটিআই (RTI) আবেদন প্রক্রিয়া ও ধাপসমূহ, দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষ, আরটিআই আবেদন নিয়ে বেলার বাস্তব অভিজ্ঞতা, তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহার এবং বাস্তবায়নের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রশিক্ষকরা জানান, তথ্য প্রাপ্তির অধিকার মানুষের একটি মৌলিক অধিকার। তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী যে কোনো নাগরিক সরকারি ও নির্ধারিত প্রতিষ্ঠানের তথ্য পাওয়ার অধিকার রাখেন। এ বিষয়ে যথাযথ জ্ঞান অর্জনের মাধ্যমে নাগরিকরা নিজেরা তথ্য সংগ্রহের পাশাপাশি অন্যদেরও তথ্য প্রাপ্তিতে সহায়তা করতে পারবেন। এর ফলে সরকারি প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।

প্রশিক্ষণে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বেলার অ্যাডভোকেট মুহাম্মাদ আসাদুল্লাহ আল গালিব এবং পরিবেশ অধিদপ্তর, বরিশাল বিভাগীয় কার্যালয়ের পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম।

কর্মশালার অংশ হিসেবে অংশগ্রহণকারীরা দলীয় কার্যক্রমের মাধ্যমে তথ্য অধিকার আইনের বিভিন্ন ধারা, আরটিআই আবেদন প্রক্রিয়ার ফ্লো-চার্ট প্রণয়ন এবং আরটিআই আবেদনসংক্রান্ত রোল-প্লেতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ তরুণদের তথ্য অধিকার আইন সম্পর্কে সচেতন করে তোলার পাশাপাশি নাগরিক অধিকার চর্চা এবং জবাবদিহিমূলক প্রশাসনিক সংস্কৃতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।