বরিশালে নারী ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা, আহত ৩

আগস্ট ১৪ ২০২৬, ২০:২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল নগরীর ৬ নম্বর ওয়ার্ডের কলাপট্টি এলাকায় দোকানের বেচাকেনাকে কেন্দ্র করে এক নারী চা বিক্রেতা ও তার পরিবারের ওপর অতর্কিত হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। হামলায় চায়ের দোকানদার মুক্তা বেগমসহ অন্তত তিনজন আহত হয়েছেন। অভিযোগ উঠেছে, হামলাকারীরা মারধরের পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে গেছে।

স্থানীয় ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, কলাপট্টি এলাকায় দীর্ঘদিন ধরে চায়ের দোকান চালিয়ে আসছিলেন ওই এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী মুক্তা বেগম । সম্প্রতি তার দোকানে বেচাকেনা ভালো হওয়ায় পার্শ্ববর্তী দোকানদারদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়।

মুক্তা বেগমের মেয়ে মালা জানান, ১৪ আগস্ট শুক্রবার বিকেল চারটার দিকে দোকানের ভালো বেচাকেনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে নান্টু, সিয়াম, শুভ ও শুভ্রসহ একদল যুবক অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা মুক্তা বেগমকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক মারধর করে। এতে তিনি গুরুতর আহত হন। মালা আরও অভিযোগ করেন, মারধরের একপর্যায়ে অভিযুক্তরা তাদের কাছে থাকা নগদ টাকা ও পরিহিত স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে সাবেক আওয়ামী লীগ নেতা টুটুল মিয়ার আস্থাজন নান্টু তার নাম ভাঙিয়ে কলাপট্টি এলাকায় দাপিয়ে আসছিল। অভিযুক্ত নান্টুর বিরুদ্ধে সাধারণ লেবারদের কষ্টের টাকা আত্মসাৎ করে তা চড়া সুদে খাটানোরও গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে অভিযোগের বিষয়ে পাল্টা বক্তব্য দিয়েছেন অপরপক্ষ নান্টুর স্ত্রী সখি জানান, প্রতিপক্ষদের সঙ্গে তুচ্ছ বিষয় নিয়েই তাদের দ্বন্দ্ব হয়েছে। তিনি উল্টো দাবি করে বলেন, প্রতিপক্ষরা আমাদের দোকানের বেচাকেনা নিয়েও হিংসা করে।

এ ব্যাপারে কোতোয়ালি মডেল থানার অফিসার্স ইনচার্জ আল মামুন জানান, অভিযোগ পেলে আমরা তদন্ত-পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।