উজিরপুরে খাল পুনঃখননে ৬০ লাখ টাকা সাশ্রয়, প্রশংসায় এমপি-ইউএনও

আগস্ট ০৮ ২০২৬, ২০:১০

উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় ২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ১০ কিলোমিটার খাল পুনঃখনন কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয়েছে। প্রকল্পের বরাদ্দ থেকে প্রায় ৬০ লাখ টাকা সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলী সুজা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার গুঠিয়া ইউনিয়নে এ খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হয়। গত এপ্রিল মাসে প্রকল্পের কাজ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু। উদ্বোধনের সময় তিনি প্রকল্পের কাজে স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনকে কঠোর নজরদারির নির্দেশনা দেন।

এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজার তদারকিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতায় ১০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু হয়। খাল খননের পাশাপাশি খালের দুই পাড়ে সবুজ বেষ্টনী তৈরির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছও রোপণ করা হয়।

প্রশাসনের দাবি, সঠিক কর্মপরিকল্পনা, নিয়মিত তদারকি ও কার্যকর ব্যবস্থাপনার কারণে প্রকল্পের নির্ধারিত বরাদ্দের তুলনায় প্রায় ৬০ লাখ টাকা কম ব্যয়ে কাজ শেষ করা সম্ভব হয়েছে। সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, সরকারি উন্নয়ন প্রকল্পে বরাদ্দের পুরো অর্থ ব্যয় করাকে অনেক সময় স্বাভাবিক হিসেবে দেখা হয়। সেখানে প্রকল্পের কাজ যথাযথভাবে সম্পন্ন করে অর্থ সাশ্রয় এবং সেই অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ার বিষয়টি ইতিবাচক দৃষ্টান্ত। তারা এ ধরনের স্বচ্ছতা ও জবাবদিহিমূলক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

স্থানীয়দের কয়েকজন বলেন, খাল পুনঃখননের ফলে পানি নিষ্কাশন ও কৃষিকাজে এর সুফল পাওয়া যাবে। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ পরিবেশের জন্যও ইতিবাচক ভূমিকা রাখবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন, “জনগণের জন্যই সরকার উন্নয়ন প্রকল্প গ্রহণ করে। তবে সঠিক পরিকল্পনা ও বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি। স্থানীয় সংসদ সদস্যের সহযোগিতা ও নির্দেশনার কারণে প্রকল্পটি স্বাধীনভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। এর ফলে কাজ শেষ করে বরাদ্দের অর্থের একটি অংশ সাশ্রয় করা গেছে। সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে, যা পরবর্তীতে অন্য উন্নয়নমূলক কাজে ব্যবহার করা সম্ভব হবে।”

স্থানীয়দের প্রত্যাশা, খাল পুনঃখননের সুফল যাতে দীর্ঘমেয়াদে বজায় থাকে, সেজন্য নিয়মিত খাল রক্ষণাবেক্ষণ এবং দুই পাড়ে রোপণ করা গাছের পরিচর্যা নিশ্চিত করা হবে।