বর্ষার ছোঁয়ায় নতুন রূপে সেজেছে উপকূলের আবহমান গ্রামবাংলা

আগস্ট ০৩ ২০২৬, ২৩:১২

মহিপুর প্রতিনিধি : বর্ষার টানা বৃষ্টিতে নতুন প্রাণ ফিরে পেয়েছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর, কুয়াকাটা ও আশপাশের উপকূলীয় জনপদের আবহমান গ্রামবাংলা। সবুজ ধানক্ষেত, পানিতে টইটম্বুর খাল-বিল, নদী-নালা, কাদামাখা মেঠোপথ আর দিগন্তজোড়া জলরাশি মিলিয়ে প্রকৃতি যেন নিজেই এঁকেছে এক অপূর্ব জলরঙের ছবি।
ভোরের প্রথম আলো ফুটতেই গ্রামের চারপাশে নেমে আসে এক নির্মল সৌন্দর্য। শিশিরভেজা ঘাস, বৃষ্টিস্নাত তাল-নারকেল ও সুপারি গাছ, দূরে সাদা বকের সারি, নদীর বুকে জেলেদের ছোট ছোট নৌকা আর বাতাসে ভেসে আসা ভেজা মাটির সোঁদা গন্ধ—সব মিলিয়ে বর্ষার গ্রামবাংলা হয়ে ওঠে প্রকৃতিপ্রেমীদের জন্য এক অনন্য আকর্ষণ।
মহিপুর, আলীপুর, লতাচাপলী, ধুলাসার ও কুয়াকাটার বিভিন্ন গ্রামের বিস্তীর্ণ মাঠ এখন সবুজে মোড়ানো। খাল-বিল ও জলাশয় পানিতে পূর্ণ হওয়ায় জেগে উঠেছে জলজ প্রাণের বৈচিত্র্য। কৃষকেরা আমন ধানের চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। তাঁদের আশা, অনুকূল আবহাওয়া অব্যাহত থাকলে এ মৌসুমে ভালো ফলন হবে।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষাকালে উপকূলের প্রকৃতি এক ভিন্ন রূপ ধারণ করে। কখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, কখনো কালো মেঘের আনাগোনা, আবার কখনো রোদের ঝিলিক—প্রকৃতির এই রূপান্তর প্রতিদিনই নতুন সৌন্দর্যের জন্ম দেয়। বিকেলের নরম আলোয় জলমগ্ন মাঠ ও নদীর বুকে সূর্যের প্রতিফলন সৃষ্টি করে মনোমুগ্ধকর দৃশ্য।
প্রকৃতিপ্রেমী ও আলোকচিত্রীদের কাছেও বর্ষার এই সময়টি বিশেষ আকর্ষণের। ছুটির দিনে অনেকেই শহরের ব্যস্ততা ছেড়ে ছুটে আসেন উপকূলের গ্রামগুলোতে। ক্যামেরায় বন্দি করেন সবুজ প্রকৃতি, বৃষ্টিভেজা জনপদ, নদীর জীবন ও গ্রামীণ মানুষের কর্মব্যস্ততার নানা মুহূর্ত।
প্রকৃতি ও কৃষিনির্ভর এই জনপদে বর্ষা শুধু একটি ঋতুর নাম নয়; এটি জীবন, জীবিকা, সংস্কৃতি ও ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। আধুনিকতার স্পর্শে অনেক কিছু বদলে গেলেও বর্ষায় উপকূলের আবহমান গ্রামবাংলার চিরচেনা সৌন্দর্য আজও মানুষকে শিকড়ের কাছে ফিরিয়ে নিয়ে যায়। প্রকৃতির এই অনিন্দ্য রূপ সংরক্ষণে সচেতনতা বাড়ানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।