নারী নির্যাতন মামলায় অভিযুক্ত

ববি শিক্ষক শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত

আগস্ট ০৩ ২০২৬, ২২:৪৪

ববি প্রতিনিধি : বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. শফিকুল ইসলামকে নারী ও শিশু নির্যাতন মামলার আসামী এবং উক্ত মামলায় কারাভোগ করায় তাকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) সহযোগীঅধ্যাপক ড. মো. আব্দুল আলিম বছির স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, যেহেতু, মো. শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয় এর বিরুদ্ধে ডিএমপি মোহাম্মদপুর থানার মামলা নং-৬৭/১১৩৯, তারিখ ১৮/১১/২০২৫, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী অধ্যাদেশ)/২০২৫ এর ৯(৪) (খ) তৎসহ ৩০৭/৩২৩ পেনাল কোড-১৮৬০ অনুযায়ী ফৌজদারি মামলা চলমান রয়েছে এবং যেহেতু উক্ত মামলায় গ্রেফতার হয়ে তিনি জেল হাজতে ছিলেন সেহেতু, মোঃ শফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়-কে সরকারী চাকরি আইন, ২০১৮ (২০১৮ সনের ৫৭ নং আইন) এর ধারা ৩৯ (২) অনুযায়ী এবং বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪ এর (৬) মোতাবেক ১৬/০৯/২০২৫ তারিখ হতে অত্র বিশ্ববিদ্যালয়ের চাকুরী থেকে সাময়িক বরখাস্ত করা হলো।

আদেশটিতে আরো জানানো হয়েছে, সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা প্রাপ্য হবেন। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য, শফিকুল ইসলামের সাথে ঢাকায় এক নারীর সম্পর্ক ছিলো এবং তাদের মধ্যে পারিবারিকভাবে বিয়েও ঠিক হয়। পরবর্তীতে ঐ নারীকে শফিকুল ইসলাম মুহম্মদপুর এলাকায় নিজ বাসায় ডেকে নিয়ে মারধর করেন এবং কুয়াকাটা একটি আবাসিক হোটেলে ধর্ষণ চেষ্টা করেছেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। পুলিশের দাখিলকৃত এজহারে মামলার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে।