শয়তানের নিঃশ্বাস ফাঁদ পেতে গৃহবধূকে ঢাকায় নিয়ে ৮ দিন আটক রেখে ধর্ষণ
নভেম্বর ২৭ ২০২৫, ২১:১৭
স্টাফ রিপোর্টার : বরিশালে “শয়তানের নিঃশ্বাস” খবরে বিশ্বাস করে প্রতারকের ফাঁদে পড়ে ২৭ বছরের এক গৃহবধূ ভয়াবহ নির্যাতনের শিকার হয়েছেন। এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ আদালতে মামলা করলে বিচারক মামলাটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে এজাহার নথিভুক্তের নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে হাজির হয়ে মামলাটি দায়ের করেন ভুক্তভোগী। আদালত তা আমলে নিয়ে বরিশাল কোতয়ালি মডেল থানার ওসিকে তাৎক্ষণিকভাবে এফআইআর রেজিস্ট্রেশনের নির্দেশ প্রদান করেন।
নগরীর ২৬ নং ওয়ার্ডের হরিনা ফুলিয়া এলাকার বাসিন্দা আসমা আক্তার মামলার বাদী হন। তিনি মামলায় উল্লেখ করেন, আসামি ঢাকার মোহাম্মদপুর এলাকার বাসিন্দা রাসেল তার জাতীয় পরিচয়পত্র সংশোধন করে দেওয়ার কথা বলে তাকে নতুনউল্লাহ বাসস্ট্যান্ডে যেতে বলে।
গত ১২ নভেম্বর বাদী সেখানে গেলে আসামি কথিত “শয়তানের নিঃশ্বাস” দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাদী ও তার নবজাতক সন্তানকে জোর করে ঢাকায় নিয়ে যায়।
এরপর ১২ নভেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত বিভিন্ন সময় তাকে হত্যার ভয় দেখিয়ে ধর্ষণ করে আসামি রাসেল। একপর্যায়ে বাদী তার স্বামীকে বিষয়টি জানালে তার স্বামী ১৯ নভেম্বর ঢাকায় গিয়ে তাকে উদ্ধার করে বরিশালে ফিরিয়ে আনেন।
এ ঘটনায় বৃহস্পতিবার আদালতে মামলা দায়ের করলে বিচারক মামলাটি গ্রহণ করে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কোতয়ালি থানা পুলিশকে নির্দেশ দেন।









































