বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে ‘নজরুল বর্ষ’ উদযাপন
অক্টোবর ০৬ ২০২৬, ২১:২৪
নিজস্ব প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি, সাহিত্য ও দর্শন নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বরিশালে উদযাপিত হয়েছে ‘নজরুল বর্ষ-২০২৬’। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার শিরিন।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ড. আসমা চৌধুরী। স্বাগত বক্তব্য দেন নজরুল বর্ষ উদযাপন কমিটির আহ্বায়ক মুহাম্মদ মাসুম বিল্লাহ। বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর তপন কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি বেলায়েত হোসেনসহ কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, দর্শন ও সমাজ পরিবর্তনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নজরুল ছিলেন অন্যায়, শোষণ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সোচ্চার এক অসাম্প্রদায়িক চেতনার কবি। তাঁর সাহিত্য ও দর্শনে সাম্য, মানবতা, স্বাধীনতা এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার বার্তা রয়েছে।
বক্তারা নতুন প্রজন্মকে নজরুলের সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও সমাজ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা সভার পাশাপাশি অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
এতে কবিতা আবৃত্তি, গান ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে অনুষ্ঠানস্থল। আয়োজকরা বলেন, নজরুলের সাহিত্য ও দর্শন শুধু একটি নির্দিষ্ট সময়ের জন্য নয়; বর্তমান প্রজন্মের কাছেও তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা অত্যন্ত প্রাসঙ্গিক।









































