বরিশালে কোটি টাকার চোরাইকৃত কয়লাসহ ১২ চোরাকারবারীকে আটক

নভেম্বর ২৮ ২০২৫, ১৪:৪১

স্টাফ রিপোর্টার : বরিশালে কোটি টাকার চোরাইকৃত কয়লা ও লাইটার ভেসেল জব্দসহ ১২ চোরাকারবারীকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হকের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোর রাতে চরমোনাই আনন্দ ঘাট সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। এসময় সন্দেহজনক একটি লাইটার ভেসেল তল্লাশি করে প্রায় ১ কোটি ১০ লক্ষ টাকা মূল্যের  ১ হাজার ১০০ মেট্রিক টন চোরাইকৃত কয়লাসহ ১২ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, মোংলা হিরণ পয়েন্টে অবস্থানরত একটি বিদেশি জাহাজ থেকে অসদুপায় অবলম্বন করে এসব কয়লা অবৈধভাবে পাচার করা হচ্ছিল।

জব্দকৃত কয়লা, পাচারকাজে ব্যবহৃত লাইটার ভেসেল ও আটককৃত চোরাকারবারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশালের কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়।