চিকিৎসা পেশা থেকে সংসদের স্বপ্ন
বরিশালে ভোটের মাঠে দুই এমবিবিএস চিকিৎসকসহ তিন নারী প্রার্থী
জানুয়ারি ১১ ২০২৬, ১৩:৫২
ফাহিম ফিরোজ, বরিশাল : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল অঞ্চলের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে নারীর অংশগ্রহণ। বরিশাল বিভাগের তিনটি আসনে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিন নারী প্রার্থী। এর মধ্যে দুইজন পেশায় এমবিবিএস চিকিৎসক এবং একজন সাবেক সংসদ সদস্য। ভোটের মাঠে শক্ত অবস্থান তৈরি করলেও প্রতিদ্বন্দ্বী পুরুষ প্রার্থীদের টপকে বিজয় নিশ্চিত করাই তাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল ও ঝালকাঠির তিনটি আসনে এই তিন নারী প্রার্থী ইতোমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। ব্যক্তিগত যোগ্যতা, পেশাগত পরিচিতি এবং আর্থিক স্বচ্ছতার কারণে ভোটারদের মধ্যেও তাদের নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
সমাজতান্ত্রিক ধারার ‘গরিবের ডাক্তার’:
বরিশাল-৫ (সদর ও সিটি করপোরেশন) আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন জেলা সমন্বয়কারী ও পরিচিত মুখ ‘গরিবের ডাক্তার’ মনীষা চক্রবর্তী। হলফনামা অনুযায়ী তিনি একজন এমবিবিএস পাস চিকিৎসক এবং অবিবাহিত।
তার বার্ষিক আয় ২ লাখ ৬০ হাজার টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ১২ লাখ ৬৪ হাজার ৩২৮ টাকা এবং ব্যাংকে জমা রয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৬৯৪ টাকা। মোট সম্পদের পরিমাণ ৩১ লাখ ২৮ হাজার ৯২৮ টাকা। তার বিরুদ্ধে দায়ের হওয়া দুটি মামলার একটি থেকে তিনি অব্যাহতি পেয়েছেন, অপরটি উচ্চ আদালতের নির্দেশে স্থগিত রয়েছে। দীর্ঘদিন ধরে নিম্নআয়ের মানুষের চিকিৎসাসেবায় যুক্ত থাকায় নগরবাসীর একটি অংশের মধ্যে তার গ্রহণযোগ্যতা রয়েছে।
নাগরিক রাজনীতিতে নারী চিকিৎসকের উপস্থিতি:
ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমবিবিএস চিকিৎসক ডা. মাহমুদা আলম মিতু। হলফনামা বিশ্লেষণে দেখা যায়, তার বার্ষিক আয় ৩ লাখ টাকা। তার হাতে নগদ অর্থ রয়েছে ২৮ লাখ ৪০ হাজার টাকা। তার স্বামীর কাছে নগদ অর্থ রয়েছে ৪৫ লাখ ৭৯ হাজার ৬৯৪ টাকা। ব্যাংক জমাসহ তার মোট সম্পদের পরিমাণ প্রায় ৭৪ লাখ ৩৯ হাজার টাকা এবং স্বামীর মোট সম্পদের পরিমাণ ৫৩ লাখ ৪২ হাজার ২৬৮ টাকা। নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে নির্বাচনে অংশ নিয়ে তিনি ঝালকাঠির রাজনীতিতে নারী নেতৃত্বের নতুন সম্ভাবনা তৈরি করেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
সাবেক এমপি হিসেবে অভিজ্ঞতার জোর:
ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। তিনি সাবেক এমপি জুলফিকার আলী ভুট্টোর সহধর্মিণী। তিনি এইচএসসি পাস এবং পেশায় ব্যবসায়ী। বাড়িভাড়া ও ব্যবসা থেকে তার বার্ষিক আয় ৬ লাখ ৭৩ হাজার ৪৫৩ টাকা। তার কাছে নগদ অর্থ রয়েছে ২১ লাখ ৩১ হাজার ৬০২ টাকা। হলফনামা অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ ১ কোটি ৬৯ লাখ ৩০ হাজার ৫০০ টাকা। সাবেক এমপি হিসেবে এলাকায় তার পরিচিতি ও সাংগঠনিক ভিত্তি তাকে শক্ত অবস্থানে রেখেছে।
ভোটের মাঠে বড় চ্যালেঞ্জ:
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তিন নারী প্রার্থীরই ব্যক্তিগত যোগ্যতা ও সামাজিক অবস্থান শক্ত হলেও নির্বাচনী বাস্তবতায় তাদের প্রধান চ্যালেঞ্জ পুরুষপ্রধান রাজনৈতিক কাঠামো ও শক্ত প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলা করা। তবে এই তিন প্রার্থীর অংশগ্রহণ বরিশালের নির্বাচনী রাজনীতিতে নারীর দৃশ্যমান উপস্থিতি ও নেতৃত্বের পথকে আরও সুসংহত করবে—এমনটাই প্রত্যাশা ভোটারদের একাংশের।









































