বরিশালে জমি দখল করে ওয়ার্কার্স পার্টির কার্যালয় নির্মাণের অভিযোগ

জানুয়ারি ১২ ২০২৬, ২১:১৪

স্টাফ রিপোর্টার : বরিশাল নগরীর ১৭ নম্বর ওয়ার্ডে ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে ওয়ার্কার্স পার্টির কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। সোমবার সকালে নির্মাণকাজে বাধা দিলে পুলিশের উপস্থিতিতেই নিষেধাজ্ঞা অমান্য করে কাজ চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

জমির মালিক সাবেক কাউন্সিলর নিজামুল হক নিজামের ছেলে তামিম হাসান জানান, জোরপূর্বক নির্মাণকাজ শুরু হলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ করেন। এর পর বরিশাল কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজ ঘটনাস্থল পরিদর্শন করে নির্মাণকাজ বন্ধ রাখার স্পষ্ট নির্দেশ দেন।

তবে পুলিশের ওই নির্দেশ উপেক্ষা করে বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এস এম নজরুল হক নিলুর নেতৃত্বে নির্মাণকাজ বন্ধ না রেখে চালিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

জমির মালিকের ছেলে তামিম হাসান বলেন, “এটি আমাদের নিজস্ব জমি। কোনো অনুমতি ছাড়াই জোর করে নির্মাণকাজ চালানো হচ্ছে। এমনকি পুলিশের নিষেধাজ্ঞাও মানা হয়নি। আমরা আইনি পদক্ষেপ নেব।”

পুলিশের নির্দেশ অমান্যের ঘটনায় এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা বলছেন, প্রকাশ্যে পুলিশের নির্দেশ উপেক্ষা করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।