হিজলায় অজ্ঞাত যুবকের গলাকাটা লাশ উদ্ধার
জানুয়ারি ১৯ ২০২৬, ১২:০৭
মোঃ হাবিবুল্লাহ, হিজলা : বরিশালের হিজলা উপজেলায় গলাকাটা অবস্থায় এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে হিজলা থানা নৌ পুলিশ। ঘটনাটি তদন্ত করছে সিআইডি।
সোমবার (১৯ জানুয়ারি) রাত আনুমানিক ৩টার দিকে সংবাদ পেয়ে পুলিশের এসআই আশরাফের নেতৃত্বে নৌ পুলিশ উপজেলার মেঘনা বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করে।
পরে লাশটি হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নৌ পুলিশ জানায়, নিহত যুবকের বয়স ও পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল থেকে একটি জেলে নৌকা জব্দ করে থানায় নেওয়া হয়েছে।
হিজলা থানা নৌ পুলিশের ওসি গৌতম মণ্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লাশটি ময়নাতদন্তের উদ্দেশ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।









































