বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা—ফয়জুল করীম

জানুয়ারি ২৯ ২০২৬, ০০:৫৪

স্টাফ রিপোর্টার : বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নের প্রত্যয়ে আজ বিকেলে বরিশাল মহানগরীর বেলতলা বাজারে পথসভা ও গণসংযোগ কর্মসূচি পালন করেছেন হাতপাখা প্রতীকের প্রার্থী মুফতী ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, তাদের খোঁজখবর নেন এবং এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ সহকারে শোনেন। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বরিশালকে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত নগরী হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

মুফতী ফয়জুল করীম বলেন, “বরিশালবাসী দীর্ঘদিন ধরে বৈষম্য ও অবহেলার শিকার। আমি ক্ষমতার রাজনীতি নয়, বরং জনকল্যাণ ও ইনসাফের রাজনীতি প্রতিষ্ঠা করতে চাই। বরিশালবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হাতপাখা। এই প্রতীকের মাধ্যমেই বরিশালবাসী একটি নতুন, পরিচ্ছন্ন ও নৈতিক নেতৃত্ব বেছে নিতে পারবে ইনশাআল্লাহ।”

তিনি আরও বলেন, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, যানজট নিরসন, মাদকমুক্ত সমাজ গঠন এবং নাগরিক সেবা সহজীকরণ তার অগ্রাধিকারভুক্ত বিষয়। জনগণের সহযোগিতা ও দোয়াই তাকে এই লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে নিতে শক্তি জোগাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পথসভা ও গণসংযোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। এ সময় স্থানীয় বাসিন্দাদের মধ্যে হাতপাখা প্রতীক নিয়ে ব্যাপক আগ্রহ ও ইতিবাচক সাড়া দেখা যায়।