উজিরপুরে জামায়াত আমিরের বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল

ফেব্রুয়ারি ০৪ ২০২৬, ১৯:৫৫

স্টাফ রিপোর্টার : কর্মজীবী নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের বিচারের দাবিতে বরিশালে ঝাড়ু মিছিল ও বিক্ষোভ করেছে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী ও কমীরা।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলার উজিরপুর উপজেলায় শতাধিক নারী এই ঝাড়ু মিছিলে অংশ নেন। এ সময় বিক্ষুব্ধ নারীরা ‘শফিক তুমি ক্ষমা চাও, নারীরা নয় পতিতা’ বলে স্লোগান দেন।

সমাবেশে বক্তারা বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নারীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তা নারীদের হেয় করার শামিল। অবিলম্বে ক্ষমা না চাইলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।’

এ সময় উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা মহিলা দলের সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক শিরিন বেগম, পৌর মহিলা দলের সভাপতি মাকসুদা আক্তার শিল্পী বেগম, সাধারণ সম্পাদক মনিরা আক্তার শিখা ও সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার প্রমুখ।