শান্তিপূর্ণ পরিবেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত

বরিশালে কেন্দ্রভিত্তিক ফলে এগিয়ে বিএনপি প্রার্থীরা

ফেব্রুয়ারি ১২ ২০২৬, ২১:৩৩

ফাহিম ফিরোজ, বরিশাল : শান্তি ও সুষ্ঠু পরিবেশে বরিশালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়েছে। জেলার ৬টি সংসদীয় আসনে মোট ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনকে কেন্দ্র করে জেলায় প্রায় ১৬ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করেন। এছাড়া তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন জানান, সকাল সাড়ে ৭ টা থেকে বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টা পর্যন্ত জেলার ১০ উপজেলায় মোট ১২ লাখ ৭০ হাজার ১২৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এ সময় পর্যন্ত গড় ভোটদানের হার ছিল প্রায় ৫৭ দশমিক ৭২ শতাংশ।
উপজেলাভিত্তিক ভোটের হার ছিল—গৌরনদী ৬২.০১%, আগৈলঝাড়া ৬১.৭১%, উজিরপুর ৫৮.০২%, বানারীপাড়া ৬১.৭৯%, মুলাদী ৫১.৯৭%, বাবুগঞ্জ ৫৪.৬%, মেহেন্দিগঞ্জ ৫৬.৯৪%, হিজলা ৬০.৫৬%, বরিশাল সদর ৫১.৮৩% এবং বাকেরগঞ্জ ৫৩.৮%।
এছাড়া পোস্টাল ব্যালটে মোট ২২ হাজার ৭৬টি ভোট গ্রহণ করা হয়েছে। সংসদীয় আসনভিত্তিক পোস্টাল ব্যালটের সংখ্যা—বরিশাল-১ এ ৩২৬৭, বরিশাল-২ এ ৩৭৫১, বরিশাল-৩ এ ৩৫৭৩, বরিশাল-৪ এ ৩৪৩৩, বরিশাল-৫ এ ৪৯৯৩ এবং বরিশাল-৬ এ ৩০৫৯। মোট নিবন্ধিত পোস্টাল ভোটার ছিলেন ২৯ হাজার ৪৯৯ জন। পোস্টাল ভোট প্রদানের হার ছিল ৭৪ দশমিক ৮৯ শতাংশ।
এদিকে ভোট গণনা শেষে বিভিন্ন কেন্দ্রের ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত ফলাফলে জেলার একাধিক আসনে বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানা গেছে। তবে সব কেন্দ্রের ফলাফল এখনো হাতে না আসায় চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়নি।
রিটার্নিং কর্মকর্তা মো. খাইরুল আলম সুমন বলেন, “কেন্দ্র থেকে ফলাফল আসছে। সব কেন্দ্রের ফলাফল পাওয়ার পর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।”
ফলাফল ঘিরে বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।