শেবাচিম হাসপাতালের ২১ সদস্যের ব্যবস্থাপনা কমিটি ঘোষণা
আগস্ট ২৫ ২০২৬, ২২:৪৪
স্টাফ রিপোর্টার : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) ২১ সদস্যবিশিষ্ট নতুন ব্যবস্থাপনা কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২০ আগস্ট হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী মর্যাদা) এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের নির্দেশনায় এ কমিটি গঠন করা হয়।
শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর স্বাক্ষরিত এক অফিস আদেশে কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।
নতুন কমিটিতে বরিশাল-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে সভাপতি এবং শেবাচিম হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ্, বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আনোয়ার হোসেন, বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রেফায়তুল হায়দার, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরীফ মো. জামাল উদ্দিন, নার্সিং সুপারিনটেনডেন্ট খাদিজা বেগম, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি এবায়েদুল হক চাঁন এবং প্রাইভেট প্র্যাকটিশনারদের প্রতিনিধি ডা. মিজানুর রহমান।
এ ছাড়া গণ্যমান্য নারী প্রতিনিধি আফরোজা খানম নাসরিন, নার্স প্রতিনিধি ডা. মো. মাজহারুল ইসলাম রেজা, নুরে আলম তালুকদার, কলেজের অধ্যাপক প্রতিনিধি সহকারী অধ্যাপক ডা. ফয়সাল হাসান ভূইয়া, মুক্তিযোদ্ধা প্রতিনিধি নুরুল আলম ফরিদ এবং বরিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। কমিটিতে সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন ডা. এসএম খালিদ মাহমুদ শাকিল।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটি শেবাচিম হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা, চিকিৎসাসেবার মানোন্নয়ন, রোগী ও স্বজনদের সেবার পরিবেশ উন্নয়ন এবং হাসপাতালের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।









































