বরিশালে শিশুদের মনোসামাজিক সুরক্ষা ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
আগস্ট ২৫ ২০২৬, ২৩:০৩
স্টাফ রিপোর্টার : শিশুদের নিরাপত্তা, যত্ন ও সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা আরও কার্যকর ও মানসম্মত করার লক্ষ্যে বরিশালে ‘প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনা ও শিশুর মনোসামাজিক সুরক্ষা’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সমাজসেবা অধিদপ্তরের আওতাধীন বরিশাল আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে ২৩ থেকে ২৫ আগস্ট এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৯টায় আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, জন্ম, ধর্ম, বর্ণ কিংবা সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকা উচিত নয়। পৃথিবীর সব মানুষ সমান মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রাখে। মানুষে মানুষে যে পার্থক্য ও বিভাজন রয়েছে, তার অধিকাংশই সমাজ ও মানুষের তৈরি। সৃষ্টিকর্তা মানুষকে বিভাজন করে সৃষ্টি করেননি। তাই প্রত্যেকের উচিত মানুষকে প্রথমে মানুষ হিসেবে মূল্যায়ন করা।
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে শিশুদের প্রতি আরও দায়িত্বশীল ও মানবিক আচরণ, তাদের অধিকার রক্ষা এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের সক্ষমতা বাড়ানো সম্ভব। একই সঙ্গে প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনাকে আরও সুশৃঙ্খল, কার্যকর ও মানসম্মত করতে হবে।
তিনি বলেন, প্রতিটি শিশু যেন নিরাপদ ও সুরক্ষিত পরিবেশে বেড়ে উঠতে পারে এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো শিশুদের জন্য আস্থার জায়গা হিসেবে গড়ে ওঠে, সে লক্ষ্যে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।
মানবিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সমাজে বিভেদ নয়, পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে হবে।
মানুষকে মানুষ হিসেবে দেখার এই দৃষ্টিভঙ্গিই ধর্ম-বর্ণ ও সামাজিক বিভাজনের ঊর্ধ্বে উঠে একটি মানবিক, বৈষম্যহীন ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তুলতে পারে। অনুষ্ঠানে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মোঃ রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক শাহজাদী আক্তার, হাসপাতাল সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার দিলরুবা রইচি, শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার শেখ জহির উদ্দিন আহম্মদ, জেলা সমাজসেবা কার্যালয়ের অফিসার ইসমত আরা খানম এবং সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক ফারজানা রহমান।
প্রশিক্ষণে বিভিন্ন ক্যাটাগরির মোট ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে ভালো ফলাফল ও দক্ষতার জন্য তিনজন শ্রেষ্ঠ প্রশিক্ষণার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের লেকচারার মোসাঃ সামসুন্নাহার। এ সময় বিভিন্ন ক্যাটাগরির প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।








































