শেবাচিম হাসপাতালে দুই তরুণীর সমকামী সম্পর্ক নিয়ে উত্তেজনা
এপ্রিল ২৮ ২০২৬, ২০:৪৯
খান আব্বাস : বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) প্রাঙ্গণে দুই তরুণীর সমকামী সম্পর্ক প্রকাশ্যে আসাকে কেন্দ্র করে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনাটি স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে এবং শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়ায় জড়িয়েছে পুলিশ প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক তরুণীর সঙ্গে অপর এক তরুণীর ঘনিষ্ঠ আচরণ সন্দেহজনক মনে হলে বিষয়টি নজরে আসে দায়িত্বরত আনসার সদস্যদের। পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে তাদের আটক করে মেডিকেল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই তরুণী হলেন সুমা আক্তার (২৭), বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা এবং হালিমা আক্তার (২০), টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার বাসিন্দা। সামাজিক যোগাযোগমাধ্যম ‘টিকটক’-এর মাধ্যমে তাদের পরিচয় হয় এবং তা পরবর্তীতে সমকামী সম্পর্কে রূপ নেয়।
পরিবারের দাবি, সুমা বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে। সম্প্রতি তিনি স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা বলে অপর তরুণীকে বরিশালে নিয়ে আসেন। বিষয়টি জানাজানি হলে পরিবারের পক্ষ থেকে আপত্তি জানানো হয়। সুমার মা অভিযোগ করে বলেন, “আমার মেয়ের সংসার ও সন্তানের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে।
অনেক বুঝিয়েছি, কিন্তু সে কোনো কথা শুনছে না।” বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন জানান, “তাদের জিজ্ঞাসাবাদে সমকামী সম্পর্কের বিষয়টি উঠে এসেছে। তবে এটি একটি সংবেদনশীল বিষয় হওয়ায় আমরা সতর্কতার সঙ্গে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করছি। কোনো লিখিত অভিযোগ না থাকায় তাদের আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, আদালতই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন। এ ঘটনায় স্থানীয় মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ সামাজিক ও পারিবারিক মূল্যবোধের আলোকে উদ্বেগ প্রকাশ করছেন।










































