বরিশালে পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬ শুরু

এক ছাদের নিচে উদ্যোক্তাদের পণ্যের সমাহার

মে ০১ ২০২৬, ১৮:৩৪

স্টাফ রিপোর্টার : বরিশালে স্থানীয় উদ্যোক্তাদের অংশগ্রহণে শুরু হয়েছে ইনডোর “পণ্যলিংক শপিং ফেস্ট ২০২৬”। উদ্যোক্তাদের বিক্রয়কেন্দ্রের অপ্রতুলতা বিবেচনায় ‘সমগত’ নামের একটি সামাজিক সংগঠন এ মেলার আয়োজন করেছে।

আয়োজকরা জানান, দেশের অনেক উদ্যোক্তা নিজস্ব শোরুম বা দোকান স্থাপনের আগ্রহ থাকলেও নানা প্রতিবন্ধকতার কারণে তা সম্ভব হয় না। এ বাস্তবতা মাথায় রেখে সীমিত পরিসরে তাদের জন্য একটি নিয়মিত বিক্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলায় ৮ থেকে ১০ জন উদ্যোক্তা এক ছাদের নিচে তাদের পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাচ্ছেন। এতে করে ক্রেতারাও একই স্থানে বিভিন্ন ধরনের পণ্য দেখার ও কেনার সুবিধা পাচ্ছেন। উদ্যোক্তা ও ক্রেতা—উভয়ের সুবিধা নিশ্চিত করতেই এ আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।

মেলাটি ১ মে থেকে ৭ মে পর্যন্ত প্রতিদিন বরিশাল নগরীর কালিবাড়ি রোডস্থ বরিশাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে। তবে ক্রেতা ও উদ্যোক্তাদের আগ্রহের ভিত্তিতে মেলার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানানো হয়েছে।

মেলার উদ্বোধন করেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস জাহান শিরিন। আয়োজকরা সকলকে মেলায় উপস্থিত থেকে স্থানীয় উদ্যোক্তাদের পণ্য পরিদর্শন ও ক্রয়ের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।